২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে প্রচারণায় এমিরেটস

বন্যপ্রাণী শিকার ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রচারণার জন্য দুটি বিশেষ ফ্লাইট ছেড়েছে এমিরেটস এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 09:54 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান পরিচালনা সংস্থাটি।

এতে বলা হয়, বন্যপ্রাণী সংরক্ষণে বৈশ্বিক সেচ্ছাসেবী জোট ‘ইউনাইটেড ফর ওয়াইল্ডলাইফের’ সমর্থনে এ ফ্লাইট দুটি পরিচালনা করা হয়, যাতে ব্যবহার করা হয়েছে দুটি সুপার জাম্বো এয়ারবাস এ-৩৮০ উড়োজাহাজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “উড়োজাহাজ দুটি বিপন্ন প্রজাতির বিভিন্ন বন্যপ্রাণীর ছবি সম্বলিত ডেকালে মোড়ানো ছিল। একটি দুবাই-লন্ডন এবং অপরটি দুবাই-মরিশাস রুটে পরিচালিত হয়।

একটি উড়োজাহাজের গায়ে ছিল ছয়টি বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীর ছবি সম্বলিত ডিজাইন, অপরটির গায়ে ছিল গণ্ডার ও হাতির ছবি। উড়োজাহাজগুলোর অগ্রভাগ থেকে শুরু করে লেজ, পাখা ও তলদেশ জুড়ে বিস্তৃত ছিল ছবিগুলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যপ্রাণী সংরক্ষণের পদক্ষেপ হিসেবে ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় যাত্রীদের জন্য এ বিষয়ের উপর পডকাস্ট ইন্টারভিউ এবং ফিচার ফিল্ম পরিবেশন করা হবে।

এছাড়াও অবৈধ বন্যপ্রাণী পণ্য চিহ্নিত করতে গ্রাউন্ড ও কার্গো স্টাফদের প্রশিক্ষণ এবং যথাযথভাবে সুসজ্জিত করতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে এমিরেটস।

“কিছুসংখ্যক বন্যপ্রাণী পণ্য পরিবহনে প্রয়োজনীয় কাগজপত্রের ক্ষেত্রে প্রায়ই জালিয়াতি হয় বলে এমিরেটস 'ট্রফি' শিপমেন্ট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।”