২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লো মেরিডিয়ান এখন ঢাকায়

পেশাদারি ও দেশীয় আতিথেয়তার প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু হল ফ্রান্সভিত্তিক ব্র্যান্ড লো মেরিডিয়ানের পাঁচ তারকা মানের হোটেলের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 10:56 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

রোববার সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেতে ‘ডেস্টিনেশন আনলক’ শ্লোগান নিয়ে হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

বেস্ট হোল্ডিংস লিমিটেডের মালিকানাধীন লো মেরিডিয়ানের পরিচালনায় রয়েছে আন্তর্জাতিক হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টস ওয়ার্ল্ড ওয়াইড, ইনকরপোরেশন।

উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে হোটেলের নানা দিক তুলে ধরেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বেস্ট হোল্ডিংসের চেয়ারম্যান আমিন মোহাম্মদ বলেন, “লো মেরিডিয়ান এমন একটি ব্র্যান্ড, যা দেশীয় সংস্কৃতিতে চাহিদা অনুযায়ী অতিথিদের আপ্যায়নের চমৎকার অভিজ্ঞতা দেবে।”

তিনি জানান, লো মেরিডিয়ানে ৩০৪টি গেস্টরুম ও সুইট ছাড়াও রয়েছে ছয়টি রেস্তোরাঁ, দুটি ব্যাংকুয়েট হল ও ছয়টি মিটিং রুম। হোটেলের কক্ষগুলো ৪০ বর্গমিটার থেকে ৩১৫ বর্গমিটারের আয়তনের।

লো মেরিডিয়ান, ঢাকার মহাব্যবস্থাপক আশওয়ানি নায়ার বলেন, “আধুনিক নকশার শৈল্পিক এই হোটেল নতুন নতুন খাবার ও দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দেবে। অতিথিদের চমৎকার ও স্মরণীয় অভিজ্ঞতা দেবে।

“হোটেলের লাইভ কিচেন সমৃদ্ধ একটি ডাইনিং রেস্টুরেন্ট সারা দিনই আন্তর্জাতিক ও দেশীয় খাবার পাওয়া যাবে।”

স্পেশাল ইটালিয়ান রেস্টুরেন্ট ফেভোলায় পাওয়া যাবে বিচিত্র স্বাদের খাবার। আরও রয়েছে আধুনিক লাউঞ্জ ‘বার ফিফটিন এভাব’।

হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ভারতের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ পুরি জানান, বাংলাদেশে হোটেল পরিচালনায় তাদের ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে।

“এর আগে শেরাটন ও ওয়েস্টিনও আমাদের হাতেই পরিচালিত হয়েছে। এদেশের হোটেল বাণিজ্য সম্বন্ধে আমাদের ধারণা রয়েছে।”

লো মেরিডিয়ান ব্র্যান্ডের বিশ্বজুড়ে একশটিরও বেশি হোটেল ও রিসোর্ট রয়েছে।

‘ফার্স্ট নাইট’ শিরোনামে হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে ফোক ব্যান্ড জলের গান।