দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প চান গভর্নর
উড়াল সড়ক, সেতু ও চার লেনের মতো বড় অবকাঠামোতে বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প চালু করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।
শনিবার ঢাকায় ব্যাংকিং খাত নিয়ে এক সেমিনারে তিনি বলেন, ব্যাংকগুলোকে দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প চালু করতে হবে। দীর্ঘ মেয়াদী বিনিয়োগের বিষয়টি বিবেচনায় নিয়েই তাদের এটি করতে হবে। পাঁচ বছরের সঞ্চয় দিয়ে ১০ বছরের বিনিয়োগে যেতে চাইলে ‘টেনশন’ হওয়া স্বাভাবিক।
“তাই দীর্ঘমেয়াদী সঞ্চয় নিশ্চিত করেই দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে। আর এভাবে উড়াল সড়ক, সেতু ও চার লেনের রাস্তার মতো বড় প্রকল্পে ব্যাংকগুলো বিনিয়োগ করতে পারে। বাংলাদেশের ব্যাংকিং খাতে এখন সেই এসেছে বলে আমি মনে করি।”
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এর মধ্যেই ‘এই বিষয়টা’ অনুধাবন করছে বলে মন্তব্য করেন গভর্নর।
“দীর্ঘমেয়াদী বিনিয়োগে রিটার্ন দেরিতে আসায় বিপাকে পড়তে হয়। সেজন্য স্বল্পমেয়াদী সঞ্চয়ের মতো দীর্ঘমেয়াদী সঞ্চয় স্কিমও বাড়াতে হবে। সরকারি ব্যাংকগুলোর মতো দীর্ঘমেয়াদী সেভিংস স্কিম করতে হবে।”
পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড স্কিমের বাইরে সাধারণ নাগরিকের পেনশন সেভিংস স্কিম এবং প্রবাসীদের রেমিটেন্স সেভিংস স্কিম করতে বাংলাদেশ ব্যাংক সরকারের সঙ্গে কাজ করছে বলে তথ্য দেন গভর্নর।
আতিউর রহমান দাবি করেন, আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে। যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো সমাধানের চেষ্টা চলছে। আর্থিক খাতের ওপর মানুষের আস্থা বাড়ছে।
ব্যাংক খাতে লেনদেন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে উল্লেখ করে গভর্নর বলেন, “এখন অনেক সহজে লেনদেন করা যায়। দিনদিন এটা আরও সহজ হচ্ছে।”
র্যাডিসন হোটেলে দেশের ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এই সেমিনারের আয়োজন করে।
‘ব্যাংকিং ইন বাংলাদেশ: দ্য লিপ ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এবিবি চেয়ারম্যান আলী রেজা ইফতেখার বক্তব্য রাখেন।
