আলুর দাম বেড়েছে, কমেছে সবজির
বাজারে নতুন আলু নামা শুরু করলেও সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে পুরনো আলুর দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি আলু ৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে; অবশ্য কোন কোন বাজারে ২৮ টাকা দরেও মিলছে।
গত সপ্তাহে প্রতি কেজি আলু ২৫ থেকে ২৬ টাকা দরে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বীজ আলুর চাহিদার কারণে খাওয়ার আলুরও দাম বেড়েছে- ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমনটি জেনেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক।
এদিকে বাজারে আসা নতুন আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।
কারওয়ান বাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পুরানো আলুর মৌসুম শেষ। যে পরিমাণ আলু আছে তার মধ্য থেকে বীজ আলু রেখে বাকি আলু বাজারে আসছে, ফলে দাম কিছুটা বেড়েছে।”
“তবে নতুন আলুও বাজারে আসতে শুরু করেছে। আগামী ১০/১৫ দিনের মধ্যে দাম আবার অনেক কমে যাবে।”
পাইকারি পর্যায়ে প্রতি কুইন্টাল (১০০ কেজি) আলু মান ভেদে ২৪০০ থেকে ২৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় ৫ লাখ হেক্টর জমিতে আলু চাষ হয়। যা থেকে বছরে গড়ে ৮০ থেকে ৮৫ লাখ টন আলু উৎপাদিত হয়। এরমধ্যে ১০ থেকে ১২ লাখ টন ব্যবহৃত হয় বীজ আলু হিসেবে।
আলুর দাম বাড়ায় কৃষকরা উপকৃত হচ্ছে বলে মনে করছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জসিম উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার স্টোরেজে ১৯ হাজার বস্তা আলু আছে। গত মাসে বিদ্যুৎ বিল দিতে হয়েছে ৮ লাখ টাকা। এবার বলেন দাম বাড়বে, না কমবে?”
“গত তিন বছর আলু ফেলে দিতে হয়েছে। এবছর কিছু দাম পাচ্ছে কৃষকরা। তবে ভারত থেকে অবৈধ পথে আলু আসা বন্ধ হলে দেশের কৃষকরা আরও ভালো দাম পেতেন।”
সাতক্ষীরা ও রংপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে আলু আসছে বলে অভিযোগ করেন তিনি।
রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী, গোপীবাগ, মুগদা, মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজির সরবরাহ বাড়ায় বিভিন্ন সবজির দাম কমে আসতে শুরু করেছে।
প্রতিটি ফুলকপি আকার ভেদে ২০ থেকে ৩০ টাকা, বাঁধাকপি ২০ থেকে ৩০ টাকা, সিম প্রতি কেজি ৪০ টাকা, মূলা ২০ টাকা, লাউ প্রতিটি ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বেগুনের দাম নেমে এসেছে ৪০ টাকা কেজিতে। বরবটি ৪০ টাকা, করলা ৫০ টাকা, পোটল ৪০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
বাজারে আসা নতুন টমেটোর মধ্যে কাঁচা টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা দরে।
এছাড়া কমেছে পেঁয়াজের দাম; মিলছে ৫০ থেকে ৬০ টাকায় প্রতি কেজি দেশি পেঁয়াজ।
আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে।
গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা দরে।
কমেছে মুরগির দামও; ব্রয়লার মুরগি ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
গত সপ্তাহে প্রতিকেজি মুরগির দাম ছিল ১৩০ থেকে ১৪০ টাকা।
