ফার্নিচার খাতে প্রশিক্ষণ পাবেন ১৪০০ শ্রমিক
দেশের ফার্নিচার খাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সহস্রাধিক তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়ার একটি কর্মসূচি শুরু হয়েছে।
বাংলাদেশের সরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই উদ্যোগে কানাডা সরকার ও আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও রয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে স্থাপিত ফার্নিচার কারখানাগুলোতে প্রায় ১৪০০ শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হবে।
এর অংশ হিসেবে সম্প্রতি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় অবস্থিত নাদিয়া ফার্নিচার কারখানায় প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে, যাতে শতাধিক নারী শ্রমিক অংশ নিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কানাডা সরকারের অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) পরিচালিত প্রকল্পে ফার্নিচারসহ পাঁচটি শিল্পে ছয় হাজার শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হবে।
“প্রাথমিকভাবে ছয়মাসের কর্মসূচিতে কারপেনট্রি ও পলিশিং শেখানো হচ্ছে।”
নাদিয়া ফার্নিচারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম মজুমদারকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “কানাডা সরকার, আইএলও এবং বাংলাদেশ সরকার শ্রমিক উন্নয়নের এই প্রকল্প বাস্তবায়ন করছে। কর্মসূচি সফল করতে নাদিয়া ফার্নিচার সর্বাত্মক চেষ্টা করবে।”
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক এসকে আল ফেরুবি, কানাডিয়ান হাই কমিশনের জ্যেষ্ঠ উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত ও আইএলওর প্রতিনিধি মাইকেল আক্সম্যানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
