২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজেন্টের আইপিওর লটারির ড্র

রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব-আইপিওর লটারির ড্র হয়েছে, যার মাধ্যমে আড়াই লাখ বিনিয়োগকারী নির্বাচন করেছে বেসরকারি প্রতিষ্ঠানটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 12:06 AM

Updated : 25 Apr 2022, 02:08 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সহায়তায় লটারির ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবীব, স্যাটকম আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্বদেশ রঞ্জন সাহা এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেডের সিইও মো. খন্দকার কায়েস হাসান বক্তব্য রাখেন।  

অনুষ্ঠানে জানানো হয়, ২৪ অগাস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি’র ৫৫২তম সভায় বস্ত্র খাতের এ কোম্পানির আইপিও অনুমোদন পায়।

আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা দর নির্ধারণ করা হয়। এর প্রেক্ষাপটে আইপিও আবেদন শুরু হয় ১৪ অক্টোবর, চলে ২৫ অক্টোবর পর্যন্ত। 

পুঁজিবাজারে ৫ কোটি শেয়ার (আড়াই লাখ আইপিও) ছেড়ে ১২৫ কোটি টাকা সংগ্রহের অনুমোদনের বিপরীতে নির্ধারিত সময়ে ৭১৪ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকার ১৪ লাখ ২৮ হাজার ৬৯৪টি আবেদন জমা পড়ে।

এরমধ্যে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত এক লাখ ৫০ হাজার আইপিও’র বিপরীতে আবেদন জমা পড়ে ১০ লাখ ৮২ হাজার ৫৬৩টি।

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ৫০ হাজার আইপিও’র বিপরীতে আবেদন জমা পড়ে এক লাখ ২৩ হাজার ৮১০টি।

এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৫ হাজার এবং মিউচুয়াল ফান্ডের জন্য বাকি ২৫ হাজার আইপিও নির্ধারিত।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী হাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলসের গেল বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল দুই টাকা ৪৮ পয়সা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৩ টাকা ৬২ পয়সা। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রিজেন্ট টেক্সটাইলের পরিচালক মাশরুফ হাবিব ও তানভীর হাবিব, সিডিবিএল প্রতিনিধি মান্না দে, ডিএসই’র চট্টগ্রাম ইনচার্জ ফরিদুল আলম, সিএসই’র ডেপুটি ম্যানেজার হাবিব উল্লাহ খান, স্যাটকম আইটি লিমিটেডের চেয়ারম্যান মো. ওয়ালি উল্লাহ, কোম্পানি সচিব এমআরএইচ সিকদার ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার অঞ্জন কুমার ভটাচার্য্য উপস্থিত ছিলেন।

বুয়েটের অধ্যাপক মনিরুল ইসলাম, আশিক আজিম ও তানভির আহমেদ লটারির ড্র পরিচালনা করেন।