লেনদেন ভারসাম্য: ঘাটতি থেকে উদ্বৃত্ত
জ্বালানি তেলের পড়তি দামের সঙ্গে খাদ্যপণ্য আমদানি কমতে থাকায় ঘাটতি বাণিজ্যের বাংলাদেশের অর্থনীতিতে উদ্বৃত্তের দেখা মিলেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে, অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ৭৪ কোটি ডলার উদ্বৃত্ত রয়েছে।
অর্থবছরের বাকি নয় মাসেও উদ্বৃত্তের এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন গবেষক জায়েদ বখত।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার লেনদেন ভারসাম্যের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য বাণিজ্যে বাংলাদেশের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫১ কোটি ৫০ লাখ (১ দশমিক ৫১ বিলিয়ন) ডলার। এটা গত বছরের একই সময়ের ঘাটতির প্রায় অর্ধেক।
২০১৪-১৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ঘাটতির পরিমাণ ছিল ২৪২ কোটি ৬০ লাখ (২ দশমিক ৪২ বিলিয়ন) ডলার।
বাণিজ্য ঘাটতি কমে আসায় এই তিন মাসে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালান্স অফ পেমেন্ট) উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে যা ২৯ কোটি ৩০ লাখ ডলার ঘাটতি ছিল।
অর্থ্যাৎ, আমদানি ব্যয় রপ্তানি আয়ের চেয়ে বেশি হওয়ায় বাণিজ্যে ঘাটতি রয়ে গেলেও রেমিটেন্স ও সেবা খাতের আয়ের জন্য লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত রয়ে গেছে। বিপুল বাণিজ্য ঘাটতির জন্য যা বরাবরই ঋণাত্মক ছিল।
চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বিভিন্ন পণ্য আমদানিতে (এফওবিভিত্তিক, ইপিজেডসহ) সবমিলিয়ে ৯১৫ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করেছে বাংলাদেশ। আর পণ্য রপ্তানি থেকে (এফওবিভিত্তিক, ইপিজেডসহ) আয় হয়েছে ৭৬৪ কোটি ডলার।
এ হিসাবে ঘাটতির পরিমাণ হচ্ছে ১৫১ কোটি ৫০ লাখ ডলার।
২০১৪-১৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে আমদানি খাতে ব্যয় হয়েছিল এক হাজার কোটি ডলার। রপ্তানি থেকে আয় হয়েছিল ৭৫৮ কোটি ৩০ লাখ ডলার। ঘাটতি ছিল ২৪২ কোটি ৬০ লাখ ডলার।
সেবা খাতে বাণিজ্য ঘাটতিও কমেছে। গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এ খাতের ঘাটতি ছিল ১১৯ কোটি ৩০ লাখ ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা কমে ৯৬ কোটি ২০ লাখ ডলারে দাঁড়িয়েছে।
মূলত বীমা, ভ্রমণ ইত্যাদি খাতের আয়-ব্যয় হিসাব করে সেবা খাতের বাণিজ্য ঘাটতি পরিমাপ করা হয়।
লেনদেন ভারসাম্যে ‘স্বস্তি’ নিয়ে অর্থবছর শুরু
চলতি হিসাবের ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্টে ১৬৫ কোটি ডলারের বড় ঘাটতি (ঋণাত্মক) নিয়ে শেষ হয়েছিল গত অর্থবছর। এই হিসেবে চলতি অর্থবছরের শুরুটা সরকারের জন্য বেশ ‘স্বস্তি’র।
অর্থবছরের বাকি নয় মাসেও এই ‘স্বস্তি’ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিশ্ববাজারে জ্বলানি তেল ও খাদ্যপণ্যের দাম কমায় বাংলাদেশের আমদানি ব্যয় কমেছে। পাশাপাশি বেড়েছে রপ্তানি আয়। এ কারণেই ‘স্বস্তিদায়ক’ এই উদ্বৃত্তি।
নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় চলতি হিসাবের অন্তর্ভুক্ত। এই হিসাব উদ্বৃত্ত থাকার অর্থ হল, নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়।
অর্থনীতির গবেষক জায়েদ বখত বলেন, অর্থবছরের শুরুটা ভালই হয়েছে। কৃষি উৎপাদনে গত কয়েক বছরের সাফল্যের ধারা অব্যাহত থাকলে আমদানি ব্যয়ের লাগাম টেনে রাখা সম্ভব হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও সহসা ঊর্ধ্বমুখী হওয়ার কোনো আভাস না থাকায় পরিস্থিতি বাংলাদেশের অনুকূলে থাকবে বলেই বিআইডিএসের এই গবেষকের ধারণা।
“এ সব বিবেচনায় আমদানি ব্যয় খুব বেশি বাড়বে বলে মনে হয় না। রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধরে রাখা গেলে চলতি অর্থবছর শেষেও লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত থাকতে পারে।”
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বিভিন্ন পণ্য আমদানি করে বাংলাদেশ এক হাজার ১৭ কোটি ডলার ব্যয় করেছে। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৫৩ শতাংশ কম।
এই তিন মাসে জ্বালানি তেল আমদানির জন্য ৫৭ কোটি ৯৫ লাখ ডলারের এলসি (ঋণপত্র) খোলা হয়েছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৮ দশমিক ৬১ শতাংশ কম।
২০১৪-১৫ অর্থবছরের এই তিন মাসে ১১২ কোটি ৭৭ লাখ ডলারের এলসি খোলা হয়েছিল।
জুলাই-সেপ্টেম্বর সময়ে খাদ্যপণ্য (চাল ও গম) আমদানির এলসি খোলার পরিমাণ কমেছে ৩১ দশমিক ১৫ শতাংশ।
তবে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি আমদানির এলসি বেড়েছে ৭ শতাংশ। এছাড়া শিল্পের কাঁচামাল আমদানি কমেছে দেড় শতাংশের মতো।
রপ্তানি আয় এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহের চার মাসের অর্থ্যাৎ অক্টোবর পর্যন্ত তথ্য পাওয়া গেছে। তাতে দেখা যায়, এই চার মাসে রপ্তানি আয় ৫ শতাংশ বেড়েছে। তবে রেমিটেন্স দশমিক ১৬ শতাংশ কমেছে।
এফডিআই বেড়েছে ৩৬ শতাংশ
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে গত বছরের একই সময়ের চেয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ (নিট-এফডিআই) বেড়েছে ৩৬ শতাংশ।
২০১৫-১৬ অর্থবছরের এই তিন মাসে বাংলাদেশে মোট ৪৪ কোটি ৯০ লাখ ডলারের এফডিআই এসেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৩ কোটি ১০ লাখ ডলার।
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায়
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশের পুঁজিবাজারে মাত্র দেড় কোটি (১৫ মিলিয়ন) ডলারের নিট বিদেশি বিনিয়োগ এসেছে।
গত বছরের এই তিন মাসে ১১ কোটি ৬০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছিল।
বাংলাদেশের পুঁজিবাজারে যে মন্দাবস্থা চলছে তার জন্য এই বিদেশি বিনিয়োগের ‘আকাল’ অনেকাংশে দায়ী বলে মনে করেন জায়েদ বখত।
