২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনজিওগুলোর স্থায়ী সম্পদে বিনিয়োগে সীমা এলো

এখন থেকে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান নিজের উদ্বৃত্ত তহবিলের ৩৫ শতাংশের বেশি স্থায়ী সম্পদে বিনিয়োগ করতে পারবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 06:09 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

যেসব প্রতিষ্ঠান স্থায়ী সম্পদে এর চেয়ে বেশি বিনিয়োগ করেছে, তাদের আগামী এক বছরের মধ্যে তা সমন্বয় করতে হবে।

সম্প্রতি ক্ষুদ্র ঋণ খাতের নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) সার্কুলার জারি এই নির্দেশনা দিয়েছে।

এ বিষয়ে এমআরএ পরিচালক সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনজিওগুলোর জমিতে বিনিয়োগ কমানো ও প্রত্যন্ত পল্লী অঞ্চলে ঋণ বিতরণ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

“কারণ পল্লী অঞ্চলে প্রচুর অর্থের চাহিদা রয়েছে। এমআরএ চায় সেখানে অর্থ সরবরাহ বাড়ুক। এছাড়া প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি কমানোও একটি লক্ষ্য।”

এমআরএর তথ্য অনুযায়ী, ১৫ অক্টেবর পর‌্যন্ত সারা দেশে এমআরএ সনদ নিয়ে ৬৯৭টি এনজিও ক্ষুদ্র ঋণ বিতরণ করছে। এর মধ্যে দুটো প্রতিষ্ঠানের লাইসেন্স এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। আর সাময়িক অনুমোদন নিয়ে কাজ করছে আরও ২০২টি প্রতিষ্ঠান।

২০১৪ সালের জুন মাস পর‌্যন্ত এসব প্রতিষ্ঠান ২৭ হাজার ৮০২ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। আর আমানত সংগ্রহ করেছে ১১ হাজার ২৯৯ কোটি টাকা।

দেশের দুই কোটি গ্রাহককে এই ঋণ দেওয়া হয়েছে এবং তাদের থেকেই এসব আমানত সংগ্রহ করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো তাদের সংগ্রহ করা আমানতের অর্থ আইনে নির্ধারিত খাতের বাইরে বিনিয়োগ করতে চাইলে এমআরএ থেকে অনুমোদন নিতে হবে। এছাড়া আমানতের অর্থ দিয়ে কোনো ধরনের স্থাবর ও অস্থাবর সম্পদ কেনা এবং কোনো ধরনের ব্যয় করবে না।

আইন অনুযায়ী, সংগ্রহ করা আমানত থেকে তারল্য সংরক্ষণ করে বাকী অর্থ ক্ষুদ্র ঋণ হিসেবে বিনিয়োগ করতে হবে। মোট আমানতের ১৫ ভাগ নগদ সংরক্ষণ করতে হয়। এর মধ্যে কমপক্ষে ৫ শতাংশ নগদ ও বাকী অর্থ এফডিআর হিসেবে রাখা যায়।

এতে আরও বলা হয়, এনজিওগুলো যে আমানত সংগ্রহ করবে তার ৮৫ শতাংশ, পুঞ্জিভূত উদ্বৃত্তের ৫০ শতাংশ এবং ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য উৎস থেকে নেওয়া ঋণের ১০০ শতাংশ যোগ করে, যা হবে তার ন্যূনতম ৯০ ভাগ মাঠ পর্যায়ে ঋণ বিতরণ করতে হবে।

পুরনো খবর:

‘ক্ষুদ্রঋণ কেবল দারিদ্র্যই বাড়ায়’