চাল আমদানিতে শুল্ক বাড়ছে
ধানের বাম্পার ফলন হওয়ায় বিদেশ থেকে চাল আমদানিতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বর্তমানে চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক রয়েছে। বর্ধিত শুল্কহার দুই-এক দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে শুল্ক বাড়ানোর এই সিদ্ধান্ত হয়।
শুল্ক বাড়ানোর প্রস্তাব আগেই এসেছিল জানিয়ে কামরুল বলেন, “এই শুল্ক আরোপে বিলম্বের কারণে বাজারে ভারতীয় চাল চলে এসেছে, যেটার বিরূপ প্রভাব পড়েছে।”
চাল আমদানিতে শুল্কের পরিমাণ না বাড়ানোয় ভারত থেকে আসা চাল বাজারকে ‘অস্তিতিশীল’ করে তুলেছে বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।
“যেটা কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা মনে করছি, চাল আমদানির শুল্ক যদি বৃদ্ধি না করা হয় তাহলে কৃষকরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তরা সভায় উপস্থিত ছিলেন।
