২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর শোবিজের অনুষ্ঠানের টিকেট এখন সহজ ডটকমে

এখন থেকে সহজ ডটকমের ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে অন্তর শোবিজের যে কোনো অনুষ্ঠানের টিকেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 03:39 PM

Updated : 22 Aug 2022, 01:53 PM

বুধবার রাজধানীর একটি হোটেলে টিকেট বিপণনের বিষয়ে অন্তর শোবিজের সঙ্গে চুক্তি হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সহজ ডটকম।

চুক্তি অনুযায়ী, আগামী এক বছর অন্তর শোবিজের যে কোনো অনুষ্ঠানের টিকেট বিক্রির করবে সহজ ডটকম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির অংশ হিসাবে ২৩ নভেম্বর ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় কলকাতার সঙ্গীতশিল্পী অনুপম রায়ের লাইভ কনসার্টের টিকিট অনলাইনে বিক্রি করবে সহজ ডটকম।

‘ক্যাচ অনুপম রায় লাইভ ইন ঢাকা’ শীর্ষক ওই অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পী পা​রভেজ ও ন্যান্সির পরিবেশনার কথা রয়েছে।

 ‘অটোগ্রাফ’ ছবির ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটি গেয়ে দ্রুতই জনপ্রিয়তা পান অনুপম। কলকাতার বেশ কয়েকটি সিনেমার গান লিখেছেন, গেয়েছেন ও সুর করেছেন তিনি।

অনলাইনে বাস, হোটেল, লঞ্চ ও অনুষ্ঠানের টিকিট বিক্রির জন্য পরিচিত সহজ ডটকম অন্তর শোবিজ ছাড়াও ঢাকার আরও কিছু অনুষ্ঠানের টিকিট বিক্রি করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্তর শোবিজ লিমিটেডের চেয়ারম্যান স্বপন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী, সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির, চিফ টেকনোলজি অফিসার সন্দীপ দেবনাথ, বিক্রয় প্রধান শাকিল রহিম ও  সঙ্গীতশিল্পী পারভেজ উপস্থিত ছিলেন।