জেট এয়ারের বহরে আসছে ৭৫টি বোয়িং
যাত্রীদের ‘স্বস্তিদায়ক ভ্রমণ’ নিশ্চিত করতে নতুন ৭৫টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ অর্ডার করেছে ভারতের বেসরকারি বিমান সংস্থা জেট এয়ার।
দুবাইয়ে চলমান উড়োজাহাজ প্রদর্শনীতে (এয়ার শো) বুধবার এ উড়োজাহাজগুলোর অর্ডার করা হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভারতীয় বাণিজ্যিক বিমান সংস্থাগুলোর মধ্যে জেট এয়ারই প্রথম ৭৩৭ ম্যাক্স কিনতে যাচ্ছে। তাদের বহরে এখন রয়েছে ১১৫টি উড়োজাহাজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “নতুন উড়োজাহাজগুলো জেট এয়ারওয়েজের প্রতিস্থাপন কৌশল এবং একটি আধুনিক, পরিবেশ-বান্ধব বিমানবহর নিশ্চিত করার ক্ষেত্রে উপযোগী হবে।”
জেট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্র্যামার বল বলেন, “সবচেয়ে বেশি জ্বালানি সহায়ক নতুন প্রজন্মের এই এয়ারক্রাফটটি আমাদের পরিচালনগত কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে।”
বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেন্সের প্রেসিডেন্ট ও সিইও রে কনার বলেন, “৭৩৭ ম্যাক্স জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে এবং এটা জেট এয়ারওয়েজের যাত্রীদের জন্য সেরা ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে নিঃসন্দেহে।”
জেট এয়ারওয়েজের চেয়ারম্যান নরেশ গয়াল বলেন, “এ আদেশনামা ভারতীয় বিমান পরিবহনখাতে দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতি আমাদের আত্মবিশ্বাসকে তুলে ধরে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব বিস্তার করবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে শক্তিশালী ভূমিকা পালন করবে।”
১৯৯৩ সালে বাণিজ্যিক ফ্লাইট শুরু করা জেট এয়ারওয়েজ প্রতিদিন ৭৪টি গন্তব্যে প্রায় ৩০০টি ফ্লাইট পরিচালনা করছে।
মুম্বাইভিত্তিক এ বিমান সংস্থাটি ঢাকা থেকে কলকাতা, দিল্লি, মাস্কাট, লন্ডন ও চেন্নাই রুটে যাত্রী আনা-নেওয়া করে।
