২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার ‘ঠিক করতে’ অর্থমন্ত্রীর দ্বারস্থ দুই ব্যবসায়ী

চলমান মন্দা অবস্থা কাটিয়ে পুঁজিবাজার চাঙা করতে বিশেষ প্রস্তাবনা নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দ্বারস্থ হয়েছেন বাজার সংশ্লিষ্ট দুই ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 08:32 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক জ্যেষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী ও ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছায়েদুর রহমান।

আহমেদ রশীদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বাজারের যে সব সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি; অভাবনীয় রেসপন্স পেয়েছি। আমাদের সব কথা অর্থমন্ত্রী খুব গুরুত্বের সাথে নিয়েছেন।

“অর্থমন্ত্রী অত্যন্ত খুশি হয়েছেন এবং বাজারের সমস্যা সম্পর্কে তিনি আমাদের প্রস্তাবনাগুলো নোট করে নিয়েছেন। শিগগিরই অর্থমন্ত্রী সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা আশা করছি।”

তিনি জানান, শেয়ারবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের মেয়াদ ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন।

“পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার ও সাবসিডিয়ারি কোম্পানিতে ইক্যুইটি ইনভেস্টমেন্টকে ব্যাংকগুলোর এক্সপোজারের মধ্যে গণনা না করা এবং শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগকে মার্ক টু মার্কেট (বাজারমূল্যে) হিসাব না করে ক্রয়মূল্যে হিসাব করার জন্য অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব করেছি।”

এ ছাড়া স্টক এক্সচেঞ্জকে আরও এক বছরের জন্য কর অবকাশ সুবিধা দেওয়ার সুপারিশ করেছেন বলে জানান লালী।

“শেয়ারবাজারে একের পর এক দরপতন ঘটছে। কিন্তু কেউ কোনো কিছু বলছে না। ব্যক্তিগত উদ্যোগে আমি এবং ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ছায়েদুর রহমান সময় নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি।”

এর আগে একই বিষয়ে সোমবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গেও বৈঠক করেছেন বলে জানান তিনি।

এক মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪২০ পয়েন্ট কমেছে । এর ফলে সূচকটি সাড়ে ৪ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। অপরদিকে লেনদেন ২০০ থেকে ৩০০ কোটি টাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে।

২০১০ এর ধসের পরে একটি মূল কারণ হিসেবে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বেপরোয়া বিনিয়োগকে ধরা হয়।

এ কারণে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ কমাতে এই আইন সংশোধন করা হয়।

এতে বলা হয়, সমন্বিত পদ্ধতিতে ব্যাংক ও তার সাবসিডিয়ারি বা সহযোগী কোম্পানি মিলে মোট বিনিয়োগ তার আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম স্থিতি, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংসের ৫০ শতাংশের বেশি হবে না।

আর ব্যাংকের নিজস্ব বিনিয়োগ আগের মতোই মূলধনের ওই উপাদানগুলোর ২৫ শতাংশের মধ্যেই থাকবে।