২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি পরিদর্শনে ৩ পোশাক কারখানা বন্ধ

রানা প্লাজা ধসের পর চালানো অভিযানে নিরাপদ কর্ম পরিবেশ না পাওয়ায় তিনটি কারখানা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 11:20 PM

Updated : 22 Aug 2022, 01:50 PM

১৪৭৫টি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে এসব কারখানা বন্ধ করে দেওয়া হয়।

২৩ মাসে এসব কারখানা পরিদর্শন ও পর্যবেক্ষণ করে অবকাঠামোগত ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি এবং বৈদ্যুতিক নিরাপত্তার অভাবে আরও সাত ভবনের ১৬টি কারখানাকে সাময়িক বন্ধ ঘোষণা করেছে এই অধিদপ্তর।

ডিসেম্বরে ঢাকায় হতে যাওয়া ‘সাসটেইনেবল কমপ্যাক্ট’ পুনর্মূল্যায়ন বৈঠককে সামনে রেখে সোমবার এক সংবাদ সম্মেলন করে কারখানা পর্যবেক্ষণ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করা হয়।

সম্মেলনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহা-পরিদর্শক সৈয়দ আহমেদ বলেন, “শ্রমিকদের প্রাণহানি প্রতিরোধে সব কারখানাই পরিদর্শন করা হয়েছে।”

২০১৩ সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের প্রধান ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কারখানার নিরাপত্তা ও শ্রমিক অধিকার রক্ষায় ‘সাসটেইনেবল কমপ্যাক্ট’ নামে কর্ম পরিকল্পনা হাতে নেয়।

রানা প্লাজা ধসে ১১০০ এর বেশি শ্রমিকের মৃত্যুর পর বাংলাদেশের কারখানার নিরাপত্তা ও শ্রমিক অধিকারের বিষয়টিতে বহির্বিশ্বের নজরে পড়ে এবং রপ্তানিমুখী তৈরি পোশাক খাত পর্যবেক্ষণের আওতায় আসে।

এরই মধ্যে বিশ্বব্যাপী পরিচিত ফ্যাশন চেইন ইনডিটেক্স ও এইচঅ্যান্ডএমসহ ১৮০টির বেশি ব্র্যান্ড ও বিক্রেতা প্রতিষ্ঠান ‘অ্যাকর্ড’ গঠন করে, যারা ১৩৫৬টি কারখানা পরিদর্শনের পর নিরাপদ কর্মপরিবেশের অভাবে ছাড়পত্র না পাওয়ায় ২৬টি কারখানা বন্ধ হয়।

ওয়ালমার্ট ও গ্যাপসহ উত্তর অ্যামেরিকার কোম্পানিগুলোর সমন্বয়ে ‘বাংলাদেশের শ্রমিক নিরাপত্তা জোট’ তৈরি  হয়, যারা ৮২৯টি কারখানা পরিদর্শন করে। এই জোটের ছাড়পত্র না পাওয়ায় বন্ধ হয়ে যায় আটটি কারখানা।

এসব কারখানা বন্ধের কারণে তৈরি পোশাক খাতের প্রায় ১৭ হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়। এই খাতে বর্তমানের বাংলাদেশের প্রায় ৪০ লাখ শ্রমিক রয়েছে, যাদের অধিকাংশই নারী।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা কারখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় যুক্তরাজ্য, কানাডা ও নেদার‌ল্যান্ড অর্থায়ন করে, যাতে সহযোগিতা দেয় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

অধিদপ্তরের পরিদর্শনে কারখানাগুলোকে অ্যাম্বার (ঝুঁকিপূর্ণ তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে নিরাপদ হবে) এবং রেড-অ্যাম্বার (ঝুঁকিপূর্ণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে নিরাপদ হতে পারে) বা কালো ক্যাটাগরি করা হয়েছে।

এসব কারখানাকে তাদের ক্রুটি সারাতে পরিকল্পনা গ্রহণ করে নভেম্বর থেকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অধিদপ্তরের মহা-পরিদর্শক সৈয়দ আহমেদ বলেন, “আমরা ১৫ শতাংশের বেশি কারখানা ভবনকে অ্যাম্বার ক্যাটাগরিতে পেয়েছি, যাদের ত্রুটি সারাইয়ের প্রয়োজনীয় পরিকল্পনার জন্য তিন মাস  সময় দেওয়া হয়েছে।”

সরকারের এই পরিদর্শন প্রতিবেদন অ্যাকর্ড ও অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কাস সেফটি গ্রহণ করেনি বলে অভিযোগ উড়িয়ে দেন তিনি।

“আমরা সবাই একই স্ট্যান্ডার্ড ব্যবহার করেছি। কাজ শুরুর আগেই ওই মান নির্ধারণ করা হয়। অ্যাকর্ড ও অ্যালায়েন্সের প্রতিনিধিরাও সেখানে (কাজের মান নির্ধারণী বৈঠকে) ছিলেন।”

অধিদপ্তরের প্রতিবেদনকে নির্ভরযোগ্য দাবি করে সৈয়দ আহমেদ বলেন, “নিরাপত্তা বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বুয়েট ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।”

সরকারের এই উদ্যোগে পরিদর্শন কার্যক্রম জোরদারে কতগুলো ‘তাৎপর্যপূর্ণ পদক্ষেপ’ নেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে আইএলও।

সংবাদ সম্মেলনে পরিদর্শন কাজে সার্বিক সহযোগিতা দেওয়া এই সংস্থার বাংলাদেশ প্রধান শ্রীনিবাস রেড্ডি বলেন, “এই পরিদর্শন চালানোটাই এখন পর্যন্ত একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’, এটি মাত্র শুরু। এখন সমস্যার প্রতিকারের আমাদের মনোযোগ দিতে হবে।”

এ কাজে বাংলাদেশ কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিতে আইএলও ভবিষ্যতেও সহযোগিতা করে যাবে বলে রেড্ডি আশ্বাস দেন।