বৃহস্পতিবার ঢাকায় বসছে মেকারের ল্যাপটপ মেলা
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে এক্সপো মেকারের তিন দিনব্যাপী ল্যাপটপ মেলা।
আয়োজক প্রতিষ্ঠানের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ল্যাপটপ নিয়ে এটি তাদের ষোড়শ মেলা। ২০০৮ সালে এ মেলা শুরুর পর এবারই দেশে ‘সবচেয়ে বড় পরিসরে’ এ মেলা হবে।
এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এডুমেকার। ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, ডেল, এইচপি ও লোনবোও সহযোগিতা দিচ্ছে।
মেলায় সাতটি প্যাভিলিয়ন, ১৩টি মিনি প্যাভিলিয়ন ও ৪৯ স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠান তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। এসব পণ্যে মিলবে ছাড় ও উপহার। পাশাপাশি মেলায় অন্তত চারটি সেমিনার ও কর্মশালা হবে। হবে গেইমিং প্রতিযোগিতাও।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইক্রোল্যাব, প্রেস্টিজিও ও ইসেটের মতো ব্রান্ডের পণ্য পাওয়া যাবে। স্টল দেবে স্মার্ট টেকনলজিস লিমিটেড, গ্লোবাল ব্র্যান্ড প্রা. লিমিটেড, কম্পিউটার সোর্স, ফ্লোরা লিমিটেডসহ আরও কিছু প্রতিষ্ঠান।
মেলায় ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুষঙ্গিক গ্যাজেটও পাওয়া যাবে।এছাড়া বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে বলে জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র বা ইউনিফর্মের মাধ্যমে বিনামূল্য পরিদর্শন করতে পারবেন।
মেলায় বিক্রি হওয়া টিকেটের পুরো অর্থ দূরারোগ্য রোগে আক্রান্ত দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক লতিফুল হকের চিকিৎসয় ব্যয় করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
