ট্রাক মালিকদের ২০ দিন সময় দিলেন মেয়র আনিসুল
আগামী ২৭ নভেম্বরের মধ্যে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সড়ক থেকে ট্রাক না সরালে সেখানে উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
রোববার সেখানকার কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের আগে করপোরেশনের মেয়র আনিসুল হক ট্রাক মালিক সমিতিকে এই সময়সীমা বেঁধে দেন।
সাংবাদিকদের তিনি বলেন, “তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে যাতে কোনো ধরনের যানবাহন না থাকে সে জন্য এখানকার ট্রাক মালিক সমিতির সঙ্গে আলোচনা করেছি ।তাদেরকে আগামী ২৭ নভেম্বরের মধ্যে রাস্তার পাশের সব ধরনের যানবাহন সরানোর অনুরোধ করেছি। তারা ব্যবস্থা না নিলে নির্ধারিত সময়ের পর সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালাবে।”
সকাল ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ওই এলাকায় অভিযান চালানোর আগে মেয়র আনিসুল হক মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এরপর আভিযান চালিয়ে কয়েকটি টিনশেড দোকান ভাঙা হয়।
এই অভিযানের সময় স্থানীয় শতাধিক শ্রমিক সেখানে ছিলেন; তাদের অনেকে তখন মোবাইল ফোনে নিজেদের ছবি তুলছিলেন। একাধিক ট্রাক মালিককেও সেখানে নিজেদের মধ্যে কথা বলতে শোনা যায়।
“আজকে বেশি সময় অভিযান চলব না। একটু পরই অভিযান শেষ হয়ে যাবে”, এমন কথাও বলতে শোনা যায় একজনকে।
ট্রাক সরানোর বিষয়ে ট্রাক ও কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ান নেতা মোহম্মদ মাসুমুল হক বলেন, “আমরা নির্দেশ পালন করার চেষ্টা করব।”
বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক শ্রমিক ঐক্য পরিষদ আহ্বায়ক মো. রুস্তম আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত রমজানের আগের রমজানে স্থানীয় সংসদ আসাদুজ্জামান খাঁন কামালকে নিয়ে রাস্তা থেকে ট্রাক সরিয়ে নিয়েছিলাম। সেবার রাস্তা ফাঁকা ছিল। এবারও আমরা রাস্তা থেকে ট্রাক সরিয়ে ফেলতে সাধ্যমতো চেষ্টা করব।”
তেজগাঁও এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রয়োজনে এসব ট্রাক ব্যবহার হয় জানিয়ে তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমাদের ট্রাক রাখার জন্য টার্মিনাল করে দেওয়া হবে। সরকার ও আমরা দুই পক্ষই টার্মিনালের জন্য জায়গা খুঁজছি।”
এক প্রশ্নের জবাবে রুস্তম আলী খান বলেন, “আপাতত রাস্তায় থাকা ট্রাক সরিয়ে ফেলা সম্ভব। আমরা সেই চেষ্টাটাই করছি।”
অভিযান প্রসঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা বিপ্লব কুমার বলেন, “সকাল থেকে পর্যাপ্ত পুলিশ এখানে অবস্থান করছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।”
