রপ্তানি আয়ে ৪ মাসে প্রবৃদ্ধি ৫%
চলতি অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি আয় ১ হাজার (১০ বিলিয়ন) কোটি ডলার ছাড়িয়েছে।
সর্বশেষ অক্টোবর মাসে গত বছরের অক্টোবরের চেয়ে এই আয় বেড়েছে ২১ শতাংশের বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বৃহস্পতিবার বিকেলে হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশ বিভিন্ন পণ্য রপ্তানি করে ১ হাজার ১৩ কোটি (১০ দশমিক ১৩ বিলিয়ন) ডলার আয় করেছে।
এই অঙ্ক গত ২০১৪-১৫ অর্থবছরের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি।
তবে এই চার মাসের জন্য ইপিবি যে রপ্তানি লক্ষ্যমাত্রা ঠিক করেছিল, এর চেয়ে পিছিয়ে আছেন রপ্তানিকারকরা। লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৫২ কোটি ডলার। রপ্তানি হয়েছে এর চেয়ে ৩ দশমিক ৭৩ শতাংশ কম।
লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি কম হলেও গত অর্থবছরের প্রথম চার মাসের চেয়ে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৪ দশমিক ৯৫ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরের এই সময়ে রপ্তানি হয়েছিল ৯৬৫ কোটি ২৬ লাখ ডলারের পণ্য।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি আয় গত বছরের প্রায় সমান ছিল। কিন্তু চার মাস পরে এসে যে রপ্তানি আয়ে উল্লম্ফন ঘটেছে, এর বড় কারণ হলো অক্টোবর মাসে বেশি পণ্য রপ্তানি হওয়া।
ইপিবির তথ্য বলছে, গত বছরের অক্টোবরে বাংলাদেশ থেকে ১৯৫ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়। কিন্তু এ বছরের অক্টোবরে রপ্তানি হয়েছে ২৩৭ কোটি ১৫ লাখ ডলারের পণ্য।
এই রপ্তানি আয়ের ৮১ শতাংশই এসেছে তৈরি পোশাক খাত থেকে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে পোশাক খাত (নিট ও উভেন) থেকে ৮২৩ কোটি ৮৩ লাখ ডলার আয় হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ৬ শতাংশ বেশি।
এ সময়ে নিট পোশাক রপ্তানি করে বাংলাদেশ ৪১৭ কোটি ডলার আয় করেছে। প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৬ শতাংশ।
আর উভেন থেকে এসেছে ৪০৬ কোটি ৭৯ কোটি ডলার; প্রবৃদ্ধি ১০ দশমিক ১২ শতাংশ।
গত বছরের জুলাই-অক্টোবর সময়ে এই খাত থেকে আয় হয়েছিল ৭৭৫ কোটি ২৬ লাখ ডলার।
এই খাতে চার মাসে গত বছরের চেয়ে রপ্তানি বেশি হলেও তা এবারের লক্ষ্যমাত্রার চেয়ে ৪ শতাংশ কম। লক্ষ্যমাত্রা ছিল ৮৫৯ কোটি ৭৯ লাখ ডলার।
ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথম চার মাসে বড় বড় রপ্তানি খাত যেমন—চিংড়ি, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য এবং হোম টেক্সটাইলের রপ্তানি বেশ কমেছে।
