২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল টিউবস ও ডেল্টা স্পিনার্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ন্যাশনাল টিউবস ও ডেল্টা স্পিনার্স শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 04:42 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

এর মধ্যে ন্যাশনাল টিউবস ২০ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ডেল্টা স্পিনার্স শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল টিউবসের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ১৯ ডিসেম্বর বেলা ১১টায় টঙ্গীতে কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য ২৪ নভেম্বর রেকর্ড ডেট রাখা হয়েছে।

গত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ২৬ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ২৮৭ টাকা ৫৪ পয়সা।

আগের বছর কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ দেয়; এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

১৯৮৯ সালে ন্যাশনাল টিউবস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

ডেল্টা স্পিনার্সের পরিচালনা পর্ষদ সমাপ্ত হিসাব বছরে শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার ফলে সাধারণ শেয়ারহোল্ডাররা নগদ ৫ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৬১৫ টাকা পাবেন।

উদ্যোক্তা ও পরিচালকদের হাতে কোম্পানির ২ কোটি ৫৫ লাখ ১৭ হাজার ১৭০টি শেয়ার রয়েছে।

৩০ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডেল্টা স্পিনার্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমের ভেন্যু পরবর্তীতে জানানো হবে। এজন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ২৬ নভেম্বর।

গত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি আয় (কনস্যুলিডেটেড) ৫৮ পয়সা। শেয়ারপ্রতি কনস্যুলিডেটেড সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৮৯ পয়সা (পুনর্মূল্যায়নজনিত সঞ্চিতিসহ) ।

আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
১৯৯৫ সালে ডেল্টা স্পিনার্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।