২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মাস্কট রুটে ফ্লাইট বাড়াচ্ছে ওমান এয়ার

আগামী বছরের মার্চ থেকে ঢাকা-মাস্কট রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছে ওমানের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা ওমান এয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 10:30 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আব্দুল রহমান আল বুসাইদি একথা জানান।

বর্তমানে ঢাকা থেকে প্রতি রবি,মঙ্গল,বৃহস্পতি ও শুক্রবার সপ্তাহে মোট চারটি ফ্লাইট ঢাকা-মাস্কট রুটে আসা-যাওয়া করছে।

আগামী ১ ডিসেম্বর থেকে এই দিনগুলোর সঙ্গে সোম ও বুধবারেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান বুসাইদি।

তিনি বলেন, ঢাকা থেকে মাস্কটের পাশাপাশি আগামী বছরের শেষে ওমানের সালালাহ ও সোহার শহরেও ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।

২০০৭ সাল থেকে চট্রগ্রাম-মাস্কট রুটে ফ্লাইট চলছে জানিয়ে বুসাইদি বলেন, “চলতি মাসে দ্বিতীয় গন্তব্য হিসেবে ঢাকা এর সঙ্গে যুক্ত হয়।পরিকল্পনা রয়েছে আগামী মার্চ থেকে প্রতিদিন দুটি করে ফ্লাইট ঢাকা থেকে মাস্কট চলাচল করবে।”

“বাংলাদেশি যাত্রীরা মাস্কটকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত,কাতারসহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে যাত্রা করতে পারবেন।”

ইউরোপের জুরিখ,প্যারিস,লন্ডন ও মিলান শহরে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ প্যাকেজের কথাও জানান তিনি।

ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স,ইতিহাদ এয়ারওয়েজ ও এমিরেটস ঢাকা থেকে মাস্কটে যাত্রী পরিবহন করছে।

নতুন একটি বিমান সংস্থার এ রুটে যাত্রী পরিবহন লাভজনক হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বুসাইদি বলেন, “গালফ এলাকার বিভিন্ন অঞ্চলে প্রচুর বাংলাদেশি কাজ করছেন। এর মধ্যে সৌদি আরবে ২৫ লাখ, সংযুক্ত আরব আমিরাতে ১৫ লাখ, ওমানে ৬ লাখ এবং ইউরোপে আরও ১৫ লাখ বাংলাদেশি রয়েছেন। আমি মনে করি এ বিমান সংস্থাগুলোর জন্য এ সংখ্যাগুলো যথেষ্ট।”

ভবিষ্যতে ঢাকা থেকে দূরপ্রাচ্যের গন্তব্যগুলোতেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

২০০৭ সাল থেকে ওমান এয়ার চট্টগ্রাম থেকে মাস্কটে সপ্তাহে সাতটি করে ফ্লাইট পরিচালনা করে আসছে।

১৯৯৩ সালে যাত্রা শুরু করা ওমান এয়ারের বর্তমান বহরে রয়েছে ৪০টি উড়োজাহাজ।এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-এয়ারবাস এ ৩৩০, এটিআর ৪২, বোয়িং ৭৩৭, বোয়িং ৭৮৭ এবং এমরেরার ইআরজে সিরিজের উড়োজাহাজ।

বিশ্বের ২৭টি দেশের ৪৬টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ওমান এয়ার।