২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলুপ্ত ছিটবাসীদের ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

বিলুপ্ত ছিটমহলবাসীদের কৃষিঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 06:13 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

মঙ্গলবার বিকেলে এক সার্কুলার জারি করে নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের জানিয়ে দেওয়া হয়েছে।

‘বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি অনুসারে বাংলাদেশ-ভূ-খণ্ডে অন্তর্ভুক্ত হওয়া ১১১টি ছিটমহল বাসিন্দাদের অনুকূলে কৃষি ঋণ বিতরণ’ শীর্ষক ওই সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্ভুক্ত অধুনালুপ্ত ১১১টি ছিটমহলের বাসিন্দাদের অনুকূলে কৃষি জমির বিপরীতে কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে জমির মালিকানা সংক্রান্ত সমস্যা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমির মালিকের ছবিসহ জমির মালিকানা বিষয়ে উপজেলা অফিসার/সাব রেজিস্ট্রারের প্রত্যয়নপত্রের বিপরীতে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি অনুযায়ী কৃষিঋণ বিতরণ করা যাবে।

“এছাড়া জমির মালিকানা নিশ্চিত করা না গেলে নাগরিকত্ব সনদ যাচাইপূর্বক দুই বা ততোধিক কৃষকের অনুকূলে গ্রুপ ভিত্তিতে কৃষি কাজের জন্য বিশেষ গ্রুপ কৃষিঋণ (শস্য বন্ধকীকরণের বিপরীতে) বিতরণ করা যাবে।”

বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের কল্যাণে ‘যা যা দরকার’ সব করার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১৫ অক্টোবর কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় বিদ্যুৎ সেবা কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

এরপর ২৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান উত্তরাঞ্চলে সফরে গিয়ে বিলুপ্ত ছিটমহলবাসীদের সব ধরনের ব্যাংকিং সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন।