২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুয়াই নিয়ে এল ‘জি সেভেন প্লাস’ হ্যান্ডসেট

বাজারে ‘জি সেভেন প্লাস’ হ্যান্ডসেট উন্মুক্ত করেছে চীনের যোগাযোগ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 11:24 PM

Updated : 22 Aug 2022, 01:43 PM

রোববার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে হুয়াই টেকনোলজিস (বাংলাদেশ) এর ডিভাইস বিজনেস ডিরেক্টর ইঙ্গমার ওয়াং আনুষ্ঠানিকভাবে হ্যান্ডসেটটি উম্মোচন করেন।

পরে তিনি বলেন, যারা সামাজিক এবং ব্যবসায়িক কর্মকান্ডের ক্ষেত্রে স্মার্টফোনের উপর নির্ভর করেন, তারা অবশ্যই স্মার্টফোনটি পছন্দ করবেন।

অনুষ্ঠানে জানানো হয়, ডিভাইসটির ৩০০০ এমএএইচ ব্যাটারি দিয়ে সর্বোচ্চ ৮ ঘণ্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং, ১০ ঘণ্টা ফোন কল অথবা ৬ ঘণ্টা পর্যন্ত ওয়েব ব্রাউজ করা যাবে।

দুর্বল নেটওয়ার্কে শক্তিশালী সিগন্যালের জন্য যুক্ত রয়েছে হুয়াই সুইচিং টেকনোলজি সম্পন্ন একটি ডুয়েল অ্যান্টেনা।

ডিভাইসটির বডি তৈরিতে ব্যবহার করা হয়েছে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম।

বিএসআই লেন্স সমৃদ্ধ এই হ্যান্ডসেটে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

১.৫ গিগাহার্টজের ৬৪বিট অক্টাকোর কোয়ালকম স্নাপড্রাগন ৬১৬ সিরিজের চিপসেট এবং কোয়ালকম আড্রেনো ৪০৫ সিরিজ জিপিইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে হ্যান্ডসেটটিতে।

এতে আরও রয়েছে ৩জিবি র‌্যাম, ৩২জিবি ইন্টারন্যাল মেমোরি যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

৪জি এবং ডুয়েল সিম সমর্থিত এই ফোনটিতে গ্র্যাভিটি, প্রক্সিমিটি, লাইট ও ম্যাগনেটিক সেন্সর রয়েছে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে।

হ্যান্ডসেটটির দাম রাখা হয়েছে ৩৪ হাজার ৯৯০ টাকা।