ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা শুরু ১৩ নভেম্বর
বাংলাদেশে ই-কমার্সকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী ১৩ নভেম্বর লন্ডনে শুরু হচ্ছে ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা।
লন্ডনের ওয়াটারলিলি ভেন্যুতে দুই দিনের এই মেলা আয়োজন করেছে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটিডি), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং তথ্য প্রযুক্তি ও ই-কমার্স বিষয়ক মাসিক পত্রিকা কম্পিউটার জগৎ।
দুই দেশের ই-কমার্স সেবাদানকারীদের একই মঞ্চে আনতে এই মেলার আয়োজন করা হয়েছে বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, মেলায় ই-কমার্স খাতের ৫০টি কোম্পানি অংশগ্রহণ করবে। এটাই হবে লন্ডনে বাংলাদেশে ই-কমার্স সেবা ও প্রযুক্তির সবচেয়ে বড় প্রদর্শনী।
এ খাতের ৫ হাজারেরও বেশি পেশাজীবী এই মেলায় অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এইচ ই হান্নানকে উদ্ধৃত করে বলা হয়, “বাংলাদেশে ই-কমার্স খাত বৃহত্তর অর্থনৈতিক খাতের পাশাপাশি সমান গতিতে এগিয়ে যাচ্ছে। খুচরা বিক্রির ক্ষেত্রে অনলাইন ক্রেতা তৈরি করছে, যা ভোগ্যপণ্যের দাম কমাবে এবং ছোট ও মাঝারি কোম্পানিগুলোকে বাজারে জায়গা করে দেবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। ”
মেলার আয়োজক এ ডব্লিউ তমালকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এবারের মেলাটি অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের কাছে একটি স্মরণীয় ও সমাদৃত মেলা হিসেবে থাকবে।”
