২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগদ টাকায় আখ কেনা হবে: আমু

চিনিকলের জন্য কৃষকদের কাছ থেকে নগদ টাকায় আখ কেনার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 08:17 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

শুক্রবার নাটোরের নর্থবেঙ্গল সুগার মিলে আখমাড়াই উদ্বোধনকালে তিনি একথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে কৃষকদের কাছ থেকে আখ নিয়ে মিল কর্তৃপক্ষ তাদের একটি রশিদ ধরিয়ে দেয়। এতে কৃষকরা সময়মতো আখের দাম পায় না।

“তবে,এবার নগদ টাকায় আখ কেনা হবে।”

চিনির দাম কম হওয়ায় গত কয়েকবছর ধরে চিনিকলগুলোতে লোকসান অব্যাহত আছে। অর্থাভাবে মিলগুলো কৃষকদের আখের দাম নগদে পরিশোধ করতে পারছিল না বলে মন্ত্রী স্বীকার করেন।

এবার এ ধরনের সমস্যা থাকবে না বলে আশ্বাস দেন তিনি।

নর্থবেঙ্গল সুগার মিলের মতো ভারী শিল্প প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে এগুলোর বহুমুখী ব্যবহার সময়ের প্রয়োজন বলে মন্তব্য করেন আমু।

“এই লক্ষ্যে নর্থবেঙ্গল সুগার মিলে অমৌসুমে বিদ্যুৎ উৎপাদন এবং অপরিশোধিত চিনি থেকে বার্র্ষিক ৪০ হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন সুগার রিফাইনারি স্থাপনের কাজ চলছে।”

এছাড়াও এখানে ডিস্টিলারি, বায়োফার্টিলাইজার প্ল্যান্ট ও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের প্রস্তাবও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন, সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক সাজেদুর রহমান খান বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী মিলে আখ ফেলে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন।

নর্থবেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আব্দুল আজিজ জানান, ২০১৫-২০১৬ আখ মাড়াই মৌসুমে ২ লাখ ৪০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ১৯ হাজার ৬শ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নর্থবেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষ জানায়, প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ হয় ৬৫ টাকা, আর চিনি বিক্রি হয় ৩৭ টাকায়।

এই মিলে গত তিন বছরের ১৬ হাজার মেট্রিকটন চিনি অবিক্রিত রয়ে গেছে।

বর্তমানে মিলের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০০ কোটি টাকা, যার বাৎসরিক সুদ প্রায় ৩০ কোটি টাকা।