২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের কাঁচাবাজারে শীতের প্রভাব, কমছে দাম

শীতের সবজির সরবরাহে ‘গরম’ কমেছে চট্টগ্রামের কাঁচাবাজারে। এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা, ক্ষেত্র বিশেষে আরও বেশি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 05:43 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

অগাস্টের শুরু থেকে টানা বৃষ্টিতে বাজারদর বেশি থাকলেও শুক্রবার সকালে নগরীর বৃহত্তর কাঁচাবাজার রেয়াজউদ্দিন বাজার ও কাজীর দেউড়ি বাজারে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে সব ধরনের সবজির দামও।  

রিয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলির বিসমিল্লাহ বাণিজ্যালয়ের কর্মকর্তা শাহিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তরবঙ্গ থেকে প্রচুর শীতের সবজি বাজারে এসেছে।

শীতের সবজি আসায় অন্যান্য সবজির দামেও প্রভাব পড়েছে বলে জানান শাহিন।

বাজারের সবধরনের সবজির দাম কমলেও পাইকারির তুলনায় দ্বিগুণের বেশি দাম খুচরা বাজারে।

রেয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা যায়, পাইকারিতে ১৫ টাকার বরবটি খুচরায় বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আগের সপ্তাহে একই সবজি বিক্রি হয়েছিল ৮০ টাকা দরে।

করলা প্রতিকেজি পাইকারিতে ৫০ টাকায় আর খুচরায় বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ২৩ টাকার শিম বিক্রি খুচরায় বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, যা খুচরা বাজারে এক সপ্তাহ আগেও ছিল ১২০ টাকা কেজি।

পাইকারি দরের তুলনায় খুচরা দাম বেশি হওয়ায় তা নিয়েও ক্ষোভ আছে ক্রেতাদের। এজন্য তারা বাজার তদারকির দাবি করেন।

রিয়াজউদ্দিন শুক্রবার সকালে মূলা ৩০ থেকে ৪০ টাকায়, বাঁধাকপি প্রতিকেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ফুলকপি প্রতিকেজি ৪০ থেকে ৫০ টাকায় ও লাল শাক প্রতি আঁটি ১৫ টাকায় ও বেগুন প্রতিকেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

দাম কমার তালিকায় রয়েছে পোটল, ঝিঙে ও চিচিঙ্গা। এ তিনটি সবজির প্রতিটি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।

রিয়াজউদ্দিন বাজারে বাজার করতে আসা মো. রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবজির দাম কমায় স্বস্তি পাচ্ছি। এ স্বস্তি যাতে দীর্ঘস্থায়ী হয় সে আশা করছি।

এদিকে পাইকারিও খুচরা দামের ব্যবধানের বিষয়েও ‘অজুহাত’ তৈরি করলেন খুচরা ব্যবসায়ীরা।

খুচরা সবজি বিক্রেতা মো. শাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাইকারি থেকে কেনার পর বাছাই করে তা বিক্রি করতে হয় বলে দাম তুলনায় একটু বেশি থাকে।”

তবে কাজীরদেউড়ি বাজারে প্রতিটি সবজি বিক্রি হচ্ছে রেয়াজউদ্দিন বাজারের চেয়ে ১০ থেকে ১৫ টাকা বেশি দরে।

শুক্রবার মাছের দামও কম ছিল আগের সপ্তাহের তুলনায়।

রিয়াজউদ্দিন বাজারে মাঝারি সাইজের ইলিশ মাছ বিক্রি হয়েছে ৪৫০ থেকে ৫০০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৬০০ টাকা। বড় সাইজের ইলিশ পাওয়া ৮০০ থেকে ১০০০ টাকা, যা আগে ছিল এক হাজার থেকে ১২শ টাকা।

গত সপ্তাহের ১০০ টাকার লইট্টা মাছ ৬০ টাকায় আর রুই মাছ ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছিল।

তবে আগে মতোই আছে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম। আগের দামে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি আর হাড়ছাড়া গরুর মাংস বিক্রি ৪৮০ টাকায়।