২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক রুটে পাখা মেলছে নভো এয়ার

দেশের চতুর্থ বিমান সংস্থা হিসেবে ডিসেম্বর থেকে আন্তর্জাতিক আকাশে পাখা মেলতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 09:04 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করে মিয়ানমারের ইয়াংগুনে ফ্লাইট শুরুর ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

মফিজুর বলেন, "পরিকল্পনা অনুসারে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন গন্তব্যে অপারেশন শুরুর অংশ হিসেবে ১ ডিসেম্বর থেকে ইয়াংগুনে ফ্লাইট শুরু হচ্ছে। ক্রমে অন্য আঞ্চলিক গন্তব্যেও ফ্লাইট শুরু হবে।”

ঢাকা-ইয়াংগুন রুটে প্রতি সপ্তাহে শুক্রবার, রোববার ও মঙ্গলবারে তিনটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

নতুন এ রুটের ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে এমব্রেয়ার উড়োজাহাজ, যার রিটার্ন ভাড়া ২৫ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া বাংলাদেশের পর্যটকদের সুবিধার জন্য ভিসা সাপোর্ট, হোটেল বুকিংসহ ভ্রমণ প্যাকেজ তৈরি করেছে নভো এয়ার।

মফিজুর জানান, দুই রাত তিন দিনের এ প্যাকেজে জনপ্রতি খরচ হবে ৩২ হাজার ৩০০ টাকা।

২০১৩ সালের ৯ জানুয়ারি অভ্যন্তরীণ রুটে যাত্রা শুরু করে নভো এয়ার। ২০১৪ সালের ২ জানুয়ারি আন্তর্জাতিক আকাশে ওড়ার ছাড়পত্র পায় তারা।

মফিজুর বলেন, “আমরা ধীরে ধীরে নিজেদের প্রস্তুত করে দীর্ঘ গন্তব্যগুলোতে ফ্লাইট শুরু করতে চাই, যাতে আমাদের সেবার মান বজায় রাখতে পারি।”

বাংলাদেশের ভেতর ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোরে ফ্লাইট চালায় এই বিমান সংস্থা।

দ্রুত ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে ফ্লাইট চালু করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সম্মেলনে মিয়ানমার নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন নভো এয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারওয়েজ ও রিজেন্ট এয়ারওয়েজ দেশের এই তিনটি বিমান সংস্থা অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে।

সে হিসেবে দেশের চতুর্থ বিমান সংস্থা হিসেবে আন্তর্জাতিক রুটে পাখা মেলতে যাচ্ছে নভো এয়ার।