ব্যবসায় পরিবেশে ‘পিছিয়েছে’ বাংলাদেশ
ব্যবসা পরিবেশের বিচারে বিশ্ব ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের সূচকে দুই ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের।
বিশ্ব ব্যাংক ও আইএফসি বুধবার ‘ডুয়িং বিজনেস ২০১৬’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৪ নম্বরে। গতবছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ১৭২ নম্বরে ছিল।
একটি দেশের অর্থ-বাণিজ্যের পরিবেশ দশটি মাপকাঠিতে তুলনা করে এই সূচক তৈরি করা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি বুঝতে ব্যবহার করা হয়েছে ঢাকা ও চট্টগ্রামের তথ্য।
এই দশটি মাপকাঠি হল- নতুন ব্যবসা শুরু করা, অবকাঠামো নির্মাণের অনুমতি পাওয়া, বিদ্যুত সুবিধা, সম্পত্তির নিবন্ধন, ঋণ পাওয়ার সুযোগ, সংখ্যালঘু বিনিয়োগকারীদের সুরক্ষা, কর পরিশোধ, বৈদেশিক বাণিজ্য, চুক্তি বাস্তবায়ন ও অসচ্ছলতা দূরীকরণ।
অবস্থানে পেছালেও সূচকে বাংলাদেশে পয়েন্ট বেড়েছে। গত বছর বাংলাদেশের মোট ‘পয়েন্ট’ ছিল ৪২.৭১, এবার তা বেড়ে ৪৩.১০ হয়েছে।
সম্পত্তির নিবন্ধন, সংখ্যালঘু বিনিয়োগকারীদের সুরক্ষা ও কর পরিশোধের মাপকাঠিতে বাংলাদেশ পিছিয়েছে এক ধাপ করে।
নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি আগের তুলনায় আরও কঠিন হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ মাপকাঠিতে অবনমন ঘটেছে ৬ ধাপ।
এখানে ব্যবসায়ীদের ঋণ পাওয়ার ক্ষেত্রেও জটিলতা দেখছে বিশ্ব ব্যাংক। এ মাপকাঠিতে বাংলাদেশ গত বছরের তুলনায় ৫ ধাপ পিছিয়েছে। তবে ব্যবসা সহজ করতে করপোরেট ট্যাক্স কমানোয় বাংলাদেশের প্রশংসাও করা হয়েছে প্রতিবেদনে।
২০১৩ সালে রানা প্লাজা ধস এবং কারখানায় শ্রমিক নিরাপত্তার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।
ব্যবসাবান্ধব দেশ হিসেবে এ তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সবচেয়ে ভাল অবস্থায় থাকা ১০ দেশের বাকি নয়টি হল- নিউজিল্যান্ড, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, হংকং, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ড।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় সবার উপরে আছে ভুটান। গতবার তাদের অবস্থান ছিল ১২৫তম, এবার তারা ৭১ নম্বরে চলে এসেছে।
ব্যবসাবান্ধব দেশের তালিকায় উন্নতি হয়েছে নেপালেরও। তারা ১০৮ থেকে ৯ ধাপ এগিয়ে ৯৯ এ পৌঁছেছে।
এ অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতির দেশ ভারত এ সূচকে ১২ ধাপ এগিয়েছে। গতবারের ১৪২তম অবস্থান থেকে নরেন্দ্র মোদীর ভারত উঠে এসেছে ১৩০ নম্বরে। আর সংখ্যালঘুদের বিনিয়োগ সুরক্ষায় ভারত রয়েছে শীর্ষ দশ দেশের তালিকায়।
সূচকে শ্রীলঙ্কার অবনমন ঘটেছে আট ধাপ। ৯৯ থেকে নেমে এসেছে ১০৭-এ। অবনমন ঘটেছে মালদ্বীপেরও, তারা ১১৬ থেকে ১২৮-এ নেমে এসেছে।
অন্যদিকে পাকিস্তান ১২৮ থেকে ১০ ধাপ পিছিয়ে এবার ১৩৮তম অবস্থানে রয়েছে।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অবস্থানের দিক থেকে সবচেয়ে পিছিয়ে থাকা আফগানিস্তানেরও ৬ ধাপ উন্নতি হয়েছে। গতবারের ১৮৩তম অবস্থান থেকে দেশটি এবার ১৭৭ নম্বরে উঠে এসেছে।
