স্টার্টআপের সহায়তায় ‘জিপি অ্যাকসেলেরেটর’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের নতুন প্রতিষ্ঠানগুলোকে (স্টার্টআপ) সহযোগিতা করতে ‘জিপি অ্যাকসেলেরেটর’ নামে একটি কর্মসূচি চালু হয়েছে।
বাংলাদেশের আইসিটি খাতের নতুন উদ্যোক্তাদের জন্য বাজার তৈরিতে কর্মরত এসডি এশিয়ার সহযোগিতা নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করবে গ্রামীণ ফোন।
মঙ্গলবার ঢাকার কেআইবি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুল ধরা হয়।
সংবাদ সম্মেলনে গ্রামীণ ফোনের চিফ স্ট্র্যাটেজি অফিসার এরল্যান্ড প্রেস্টগার্ড বলেন, ‘জিপি অ্যাকসেলেরেটর’ বাস্তবায়নের জন্য সম্প্রতি এসডি এশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছেন তারা।
“বাংলাদেশের আসিটি খাতে নতুন উদ্যোক্তারা যাতে স্বচ্ছন্দে তাদের পথচলা শুরু করতে পারেন এবং ভাবনাগুলো নিয়ে কাজ করতে পারেন সেজন্য সব সহায়তা দেবে জিপি অ্যাকসেলেটর। গ্রামীণফোন ও এসডি এশিয়া সম্ভাবনাময় স্টার্টআপ নির্বাচন করে তাদের পরামর্শ দেবে এবং ব্যবসাকে গতিশীল করতে আর্থিক সহায়তা দেবে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচির আওতায় চার মাসের দুটি সেশন হবে, যার প্রথমটি শুরু হবে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। একই বছর জুন মাসে শুরু হবে দ্বিতীয়টি। প্রতিটি সেশন থেকে পাঁচটি প্রকল্প নির্বাচন করা হবে। সেশন শেষে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে প্রকল্প উপস্থাপনের সুযোগ দেওয়া হবে।
নির্বাচিত প্রতিটি প্রকল্প বাস্তবায়নের জন্য ১০ লাখের বেশি টাকা ঋণ হিসেবে দেওয়া হবে বলে জানান গ্রামীণ ফোনের কর্মকর্তা প্রেস্টগার্ড।
এসডি এশিয়ার সহ-প্রতিষ্ঠাতা সামাদ মিরালি বলেন, “উদ্যোক্তাদের সফল হতে হলে কী লাগে সে বিষয়ে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। সে কারণেই জিপি অ্যাকসেলেরেটর পরিচালনার দায়িত্ব নিয়েছি যাতে এর মাধ্যমে প্রতিভাবানদের উদ্ভাবনী কাজে ব্যবহার করা যায়।”
সংবাদ সম্মেলনে জিপি অ্যাকসেলেটরের প্রকল্প পরিচালক ফয়সাল কবির, এসডি এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
