চিটাগাং সিমেন্টের শেয়ার কারসাজির মামলার রায় ৮ নভেম্বর
প্রায় দেড় দশক আগের আলোচিত চিটাগাং সিমেন্টের শেয়ার কারসাজির ঘটনায় বিএইসির করা মামলায় ৮ নভেম্বর রায় ঘোষণা করা হবে।
আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার দুপুরে পুঁজিবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর এ দিন ঠিক করেন।
এ মামলার আসামিরা হলেন- চিটাগাং সিমেন্টের (বর্তমানে হাইডেলবার্গ সিমেন্ট) তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান আবু তৈয়ব এবং পরিচালক রকিবুর রহমান ও এ এস শহিদুল হক বুলবুল।
এদের মধ্যে রকিবুর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও বুলবুল পরিচালক ছিলেন।
মঙ্গলবার আদালতে রকিবুর ও শহিদুলের পক্ষে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ এবং আবু তৈয়বের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। আর বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে ছিলেন আইনজীবী মাসুদ রানা খান।
এসময় আসামিরা সবাই ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
মামলায় বলা হয়েছে, আসামিরা ১৯৯৬ সালে চিটাগাং সিমেন্টের পরিচালক হিসেবে ভারতীয় ও ইরানি বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার কিনবে বলে মূল্য সংবেদনশীল তথ্য ছড়িয়ে বাজার প্রভাবিত করেন। পরে ওই বিনিয়োগের বিষয়ে চিটাগাং সিমেন্টের পক্ষ থেকে সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায়নি।
কোম্পানির একজন পরিচালক বড় অঙ্কের শেয়ার হস্তান্তরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কোন ব্যক্তি ও কী পরিমাণের শেয়ার- তা মামলায় উল্লেখ করা হয়নি।
এছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স-১৯৬৯ এর ১৭ ধারা অনুসারে বিএসইসির পক্ষ থেকে নির্দেশনা দেওয়ার পরও রকিবুর ও শহিদুল চিটাগাং সিমেন্টের পরিচালকের পদ ছাড়েননি বলে মামলায় বলা হয়েছে।
১৯৯৬ সালে পুঁজিবাজারে ধসের পর ক্ষোভ-বিক্ষোভের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অর্থনীতির অধ্যাপক আমিরুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি করে তৎকালীন সরকার।
তিন মাস পর ১৯৯৭ সালের ২৭ মার্চ তদন্ত কমিটি সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিলে ৪ মে ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে মামলা করে বিএসইসি।
মামলাটি পরবর্তীকালে বিচারের জন্য প্রথম অতিরিক্ত দায়রা আদালত ঢাকায় বদলি করা হয়। এই আদালতে থাকাকালীন মামলাটির বাদীর সাক্ষ্য শেষ হয়।
পরবর্তীকালে মামলার আদালত পরিবর্তনের নির্দেশ এলে বাদীপক্ষের সম্মতিতে নিম্ন আদালতের আদেশের ওপর স্থগিত আদেশ দেয় উচ্চ আদালত।
এর পর বিএসইসির ট্রাইব্যুনাল গঠনের পর মামলাটি এই আদালতে স্থানান্তর করা হয়।
