মোবাইল ব্যাংকিংয়ে জনগণকে উৎসাহী করার আহ্বান
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান এবং গ্যাস-বিদ্যুৎ ও পানির বিল দিতে জনগণকে আরও উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ।
রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘মোবাইল ফিনান্সিং সার্ভিসেস’ বিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।
ঢাকা চেম্বার অডিটোরিয়ামে গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
ডিসিসিআই আহবায়ক সৈয়দ আলমাস কবীর মূল প্রবন্ধে জানান, বর্তমানে ২ কোটি ৯০ লাখ নিবন্ধিত গ্রাহক মোবাইল ব্যাংকিং সুবিধা নিচ্ছেন।
ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেন, “দেশের অনগ্রসরমান জনগোষ্ঠীকে আর্থিক খাতের সুবিধা প্রদানের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
“প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১২ সালের মার্চ পর্যন্ত দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ ‘মোবাইল ফিনান্সিং সার্ভিসেস’ ব্যবহার করেছে এবং ২০১৫ সালের জুন মাসে এ ব্যবহারকারীর সংখ্যা ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”
ডিসিসিআই সভাপতি মোবাইল ব্যাংকিং সেবাকে শুধু টাকা পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বৃহৎ পরিসরে ব্যবহারের জন্য সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা প্রদান এবং গ্যাস-বিদ্যুৎ ও পানি প্রভৃতি সেবার বিল প্রদানের ক্ষেত্রে জনগণকে আরও উৎসাহিত করা দরকার।”
নির্ধারিত আলোচনায় বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অফিসার শেখ মনিরুল ইসলাম, ডাচ-বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল কাসেম শিরিন, গ্রামীণফোনের পরিচালক ইশতিয়াক হোসাইন চৌধুরী, আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রায়হান উল আমিনসহ অনেকে অংশ নেন।
আলোচকরা তথ্য যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের ডাটাবেইজ ব্যবহারের অনুমতি প্রদান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং টেলিযোগাযোগ সংস্থাগুলোর সাথে যথাযথ সমন্বয় সাধন, এ খাতে আরোপিত সার্ভিস চার্জ কমানো, সমন্বিত নীতিমালা প্রণয়ন, প্রযুক্তিগত উৎকর্ষ সাধন এবং আরও বেশি সংখ্যক জনগোষ্ঠীকে এ সেবার আওতার আনতে পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেন।
