২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছ রপ্তানিতে ‘বিপুল’ অর্থ আসছে: মন্ত্রী

বিশ্বমানের ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে বিদেশে মাছ রপ্তানি করে ‘বিপুল পরিমাণ’ বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে বলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 10:34 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

রোববার ‘বাংলাদেশি মাছের ইউরোপ মানের নিরাপত্তা ব্যবস্থা: বেস্ট প্রকল্পের প্রভাব’ শীর্ষক কর্মশালায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিশ্বমানের ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে এখন দেশীয় মাছ বিদেশে রপ্তানি হচ্ছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ড অনুযায়ী নিরাপদ ও গুণগত মান নিশ্চিত করেই মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে বাংলাদেশ।”

ছায়েদুল হক বলেন, “আমরা এরইমধ্যে মৎস্যসহ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমাদের নিজেদের চাহিদা পূরণ করে বিদেশেও প্রচুর মাছ রপ্তানি করছি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ইউরোপসহ সারা বিশ্বে মাছ রপ্তানির সুযোগ তৈরির নির্দেশ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, “আমাদের নদীমাতৃক দেশে মাছ চাষের সবচেয়ে বড় সুযোগ। গুণগত মান নিশ্চিত করতে বেস্ট প্রকল্পের আওতায় ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে সঠিক পথেই এগুচ্ছি আমরা।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান, অতিরিক্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান, ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি পিয়েরে মায়াদোন, নরওয়ের রাষ্ট্রদূত মেরেটে লুন্দেমো বক্তব্য রাখেন।

বাংলাদেশে ইউরোপীয় মানসম্পন্ন মৎস্য উৎপাদনে ২ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ইউরো ব্যয়ে ‘বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রোগ্রাম (বেস্ট)’ নামের একটি প্রকল্প ২০১০ সাল থেকে বাস্তবায়ন শুরু করে সরকার। প্রকল্পে ইউরোপীয় ইউনিয়ন ১ কোটি ২২ লাখ ৮৫ হাজার ইউরো, নরওয়ে ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (নোরাড) ১২ লাখ ৪০ হাজার ইউরো, জিআইজেড ১৪ লাখ ৭৫ হাজার ইউরো আর বাকি ৯৮ লাখ ইউরো সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হয়। আগামী ডিসেম্বরে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মোহাম্মদ মাকসুদুল হাসান বলেন, “২০০৫-০৬ সালের দিকে দেশে মাছের চাহিদা পূরণে যথেষ্ট বেগ পেতে হয়েছে। পরবর্তী সময়ে বেস্টসহ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মৎস্য খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হয়েছে।”

বেস্ট প্রকল্প বাস্তবায়নের সুফল নিয়ে তিনি বলেন, “সারা বিশ্বে বাংলাদেশের মাছ রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে, যা দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে সহায়তা করবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন বলেন, “বেস্ট প্রকল্প বাংলাদেশে মানসম্পন্ন মাছ উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখছে।”

এভাবে মানসম্পন্ন মাছ উৎপাদন ধরে রাখতে পারলে বাংলাদেশ ইউরোপসহ সারা বিশ্বে ব্যাপকভাবে মাছ রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।