নভেম্বরে ব্যান্ডউইডথ রপ্তানি: তারানা
ভারতের অংশে সংযোগ লাইন স্থাপন না হওয়ায় ইন্টারনেট ব্যান্ডউইডথ রপ্তানি নির্ধারিত সময়ে শুরু করা যায়নি বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
এ অবস্থায় আগামী মাসে ব্যান্ডউইডথ রপ্তানি শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী।
মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন প্রতিষ্ঠানগুলোর ৯০ দিনের পরিকল্পনা বাস্তবায়ণ অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারানা হালিম।
১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে ব্যান্ডউইডথ রপ্তানি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল।
ব্যান্ডউইডথ রপ্তানি অগ্রগতির বিষয়ে সাংবাদিকরা জানাতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “ভারতের অংশে তাদের কাজ এখনও শেষ করতে পারেনি, আগামী নভেম্বরে রপ্তানি শুরু হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বলেন, “ভারতের সাথে সংযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কেবল স্থাপনের কাজ করছে এবং এই কাজ শেষ হয়েছে।”
দুই দেশের মধ্যে কেবল সংযোগের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “পূজার পর ভারত অংশে কাজ শুরু করবে বলে তারা জানিয়েছে, আগামী নভেম্বরে রপ্তানি শুরু করা যাবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে গত ৬ জুন ব্যান্ডউইডথ রপ্তানিতে চুক্তি স্বাক্ষর হয়। ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) মধ্যে এই চুক্তি হয়েছিল।
বাংলাদেশের সাবমেরিন কেবলের অব্যবহৃত ব্যান্ডউইডথ ভারতে রপ্তানির চুক্তিতে গত ২০ এপ্রিল সায় দেয় মন্ত্রিসভা। এতে বাংলাদেশে কোনো সঙ্কট হবে না বলে সরকারের পক্ষ থেকে বলা হয়।
এ চুক্তি অনুযায়ী ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইডথ বাণিজ্যিক ভিত্তিতে লিজে সরবরাহ করা হবে। এতে বাংলাদেশ বছরে বৈদেশিক মুদ্রায় ৯ কোটি ৪২ লাখ টাকা পাবে (এক দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার)।
চুক্তির মেয়াদ হবে তিন বছর। চুক্তি অনুসারে ভারতের চাহিদা অনুযায়ী ব্যান্ডউইডথ রপ্তানি ৪০ জিপিবিএস পর্যন্ত বাড়ানো যাবে।
বাংলাদেশের একমাত্র সাবমেরিন কেবল সি-মি-ইউ-৪ এর কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া হয়ে আগরতলা দিয়ে এ ব্যান্ডউইথ রপ্তানি হবে।
বর্তমানে ২০০ জিবিপিএস ব্যান্ডউইথসহ সাবমেরিন কেবলে (সি-মি-ইউ-৪)সংযুক্ত আছে বাংলাদেশ, যার মধ্যে প্রায় ৩০ জিবিপিএস ব্যবহৃত হচ্ছে। অব্যবহৃত থেকে যায় ১৭০ জিবিপিএস।
আগামী বছর ডিসেম্বরে একটি কনসোর্টিয়ামের আওতায় সি-মি-ইউ-৫ বা দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হবে বাংলাদেশ। এর ফলে অতিরিক্ত ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইডথ পাবে বাংলাদেশ।
ভারতে ব্যান্ডউইডথ রপ্তানির চুক্তিকে একটি ‘উইন-উইন সিচুয়েশন’ বলে মনে করছে সরকার।
