২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়দিন বাণিজ্য বন্ধ বেনাপোলে

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছয়দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 10:42 AM

Updated : 22 Aug 2022, 01:34 PM

মঙ্গলবার থেকে ভারতে শুরু হয়েছে পূজার ছুটি, শেষ হবে ২৪ অক্টোবর। পরদিন রোববার সেখানে সাপ্তাহিক ছুটির পর সোমবার থেকে সচল হবে ভারতের পেট্রাপোল বন্দর।

পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী জানিয়েছেন, ছুটির সময় বন্দর, শুল্ক বিভাগ, ক্লিয়ারিং এজেন্ট ও ট্রান্সপোর্ট কর্মকর্তা-কর্মচারিরা ছুটিতে থাকবেন, তাই আমদানি রপ্তানি বন্ধ থাকবে।

তবে এই সময় দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান তিনি।

তবে সোমবার বিকালের পর থেকে পেট্রাপোলের কর্মকাণ্ড বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি নূরুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের এখানে ২২ অক্টোবর পূজার এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটিসহ তিনদিন বন্দর বন্ধ থাকবে।

এর আগে মঙ্গল ও বুধবার শুধু পণ্য খালাসসহ শুল্কবিভাগ ও বন্দরের দাপ্তরিক কাজ চলবে বলে জানান তিনি।

এদিকে লম্বা ছুটির কারণে বন্দরের দুই পাশে পণ্যবাহী ট্রাকের সারি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বেনাপোলের মতো পেট্রাপোলেও অনেক ট্রাক বাংলাদেশে ঢোকার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন ভারতের চব্বিশ পরগনার বনগাঁ ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শংকর সাহা।

“বন্দরে স্থান সংকুলান না হওয়ায় বন্দর টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও বনগাঁও টার্মিনালে কয়েকশ পণ্য বোঝাই ট্রাক রয়েছে। ছুটি শেষে এসব ট্রাক বেনাপোলে ঢোকার সময় তীব্র যানজট হতে পারে।”

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানিয়েছেন, প্রতিদিন ভারত থেকে সাড়ে ৩০০ থেকে ৪০০ ট্রাক বেনাপোলে আসে। আর বাংলাদেশ দু’শ থেকে আড়াইশ ট্রাক পণ্য যায় ভারতে।