২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় মাসে ১৩০ কোটি টাকা কম মুনাফা গ্রামীণফোনের

চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) গত বছরের একই সময়ের তুলনায় গ্রামীণফোনের রাজস্ব আয় বাড়লেও নিট মুনাফা কমেছে আট শতাংশের বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 08:34 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

প্রতিষ্ঠানটি বলছে, নতুন বছরের প্রথম কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতা এবং তীব্র প্রতিযোগিতার কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ করে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই মোবাইল অপারেটর।

এতে বলা হয়, আয়কর দেওয়ার পর ২০১৪ এর প্রথম নয় মাসে মুনাফা ছিল ১৫৯০ কোটি টাকা, আর ২০১৫ এর প্রথম নয় মাসে নিট মুনাফা হয়েছে ১৪৬০ কোটি টাকা।

এ হিসেবে চলতি বছরের প্রথম নয় মাসে গ্রামীণফোনের নিট মুনাফা কমেছে ১৩০ কোটি টাকা ।

প্রতিষ্ঠানটির সিইও রাজীব শেঠি বলেন, “২০১৫ সালের প্রথম কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতা এবং তীব্র প্রতিযোগিতার কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে শুরু করেছি। আমার দেখছি যে ধীরে ধীরে মোবাইল ফোন ব্যবহার বাড়ছে এবং ডাটা ব্যবহারেও উৎসাহব্যঞ্জক উন্নতি হচ্ছে। সহজ গ্রাহক কেন্দ্রিক উদ্যোগে আমাদের বিশেষ মনোযোগ এই গতিশীলতা আনতে সহায়তা করেছে।”

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৫ এর প্রথম নয় মাসে প্রতিষ্ঠানটি রাজস্ব আয় করেছে ৭৭৯০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১.৬% বেশি।

সেবা থেকে আয় হওয়া রাজস্ব আগের বছরের তুলনায় ১.৪% বেড়েছে, পাশাপাশি ডিভাইস ও অন্যান্য খাতে রাজস্ব আয় বেড়েছে ৫%।

এই সময়ে ডাটা থেকে আয় হওয়া রাজস্ব ৬৭% এবং মূল্যসংযোজিত সেবা থেকে আয় হওয়া রাজস্ব ৩৬% বৃদ্ধি প্রধানত সেবা রাজস্ব প্রবৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে বলে প্রতিষ্ঠানটি মনে করে।

তবে ২০১৫ এর তৃতীয় প্রান্তিকে ২০১৪ এর একই সময়ের তুলনায় রাজস্ব বেড়েছে ৩.৩%।

নরওয়েভিত্তিক টেলিনরের এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, বছরের প্রথম ৯ মাসে তারা ৪০ লাখ নতুন গ্রাহক পেয়েছে। এতে মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৫৫ লাখ।

এ হিসেবে গত বছরের তুলনায় গ্রাহক সংখ্যা প্রবৃদ্ধি হয়েছে ১০.৪% এবং সিম মার্কেট শেয়ার ৪২.১% (আগস্ট ২০১৫) হয়েছে।

এছাড়া ডাটা গ্রাহকের সংখ্যা ১ কোটি ৫২ লাখ দাঁড়িয়েছে বলেও তাদের দাবি।

গ্রামীণফোনের সিএফও দিলীপ পাল বলেন, “প্রতিকূল ব্যবসায়িক ফলাফলের মধ্যেও আমরা লাভজনক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য পূরণে সঠিক পথে রয়েছি। বছরের বাকি সময়ও আমরা পরিচলন দক্ষতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রাখব।”

বছরের প্রথম নয় মাসে উচ্চ ভয়েস ও ডাটা চাহিদা পূরণ এবং উন্নততর পণ্য ও সেবা চালু করার জন্য আইটি অবকাঠামো উন্নয়নসহ থ্রিজি সম্প্রসারণ, টুজি কাভারেজ সংহত করতে ১৪৭০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলেও তারা জানিয়েছে।

এছাড়া কর, ভ্যাট, শুল্ক এবং লাইসেন্স ফি হিসেবে তারা সরকারি কোষাগারে ৩৮৮০ কোটি টাকা জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট রাজস্ব আয়ের ৪৯.৮%।