পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন
সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ দশমিক ৬০ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৮ পয়েন্ট হয়েছে।
এ বাজারে হাতবদল হয়েছে ৩১০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৯৩ কোটি ৬০ লাখ টাকা কম।
ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।
টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, সাইফ পাওয়ার, কেডিএস লিমিটেড ও বেক্সিমকো ফার্মা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ কোটি ৬১ লাখ টাকা কম।
এ বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ২৩৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর।
