২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যান চলাচল চুক্তি বাস্তবায়নে ভারতকে ইতিবাচক হতে আহ্বান

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে দিয়ে যান চলাচলে সই হওয়া চুক্তি বাস্তবায়নে ভারতকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার উপর জোর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 07:42 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজনে এক সেমিনারে তিনি বলেন, “মটর ভেহিকল অ্যাগ্রিমেন্ট (বিবিআইএন) শুধুমাত্র কাগজ-কলমের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।

আগামী জানুয়ারি থেকে এ রুটের যান চলাচল শুরু হবে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, এ চুক্তির বাস্তবায়নে ‘বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি ‘ভারতকে ইতিবাচক মনোভাব নিয়ে’ এগিয়ে আসতে হবে।

ডিসিসিআই অডিটোরিয়ামে ‘আঞ্চলিক যোগাযোগ: বাংলাদেশের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার খুরশেদ আলম ও নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা উপস্থিত ছিলেন।

সেমিনারের স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেন, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

“বাণিজ্যিক অবকাঠোমার অপার্যপ্ততা, ট্যারিফ ও নন-ট্যারিফ বিষয়ক সমস্যা ও আঞ্চলিক সহযোগিতার অভাবে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয়নি।”

খুরশেদ আলম বলেন, এ চুক্তির সফল বাস্তবায়নে জন্য ভারতের সরকারকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসেতে হবে।

নেপালের রাষ্ট্রদূত বলেন, “বিবিআইএন চুক্তির সফল বাস্তবায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক স্বদিচ্ছা একান্ত অপরিহার্য।”

সেমিনারের নির্ধারিত আলোচনায় অংশ নেন আব্দুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দিন মোনেম, পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. মোহাম্মদ সাইফুল্লাহ ও ডিসিসিআইয়ের সমন্বয়কারী পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিড) অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য সহায়ক আঞ্চলিক যোগাযোগ অত্যন্ত প্রয়োজন।

সেমিনারে ভারতীয় দূতাবাসের ফাস্ট সেক্রেটারি (কমার্স) বিজয় সিলভারেজ বলেন, অর্থনৈতিক যৌক্তিকতা ও পণ্য পরিবহনের ক্ষেত্রে তুলনামূলক সহজ ট্যারিফ কাঠামোর উপর এই চুক্তির সফলতা নির্ভর করে।

ভারতীয় দূতাবাসের রেলপথ উপদেষ্টা দিবেনজন রায় বলেন, বিবিআইএন সম্পর্কে চার দেশের জনগনের মধ্যে সচেতনতা বাড়াতে আগামী ১৪ নভেম্বর ভারতের ভুবেনম্বর থেকে একটি র‌্যালি শুরু হবে।

“এ চুক্তির আওতায় কার্গো কন্টেনাইরের ক্ষেত্রে ডিজিটাল ট্রাফিকিং সিস্টেম চালু করা  হবে, যার মাধ্যমে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।”