২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অজুহাতে বাঁধা’ চট্টগ্রামে সবজিবাজার

টানা কয়েকমাস সবজির চড়া দামের জন্য সরবরাহ ঘাটতির অজুহাত দেখিয়ে এলেও সরবরাহ বৃদ্ধি পেলেও মূল্য কমছে না চট্টগ্রামের কাঁচাবাজারে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 04:15 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

শুক্রবার নগরীর সবজির বৃহত্তম পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজার ও কাজীর দেউড়ীর বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

অগাস্টের শুরুতে টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে চড়া হয়ে ওঠে সবজিবাজার। এরপর ব্যবসায়ীরা বারবারই বলে আসছিলেন সরবরাহ ঘাটতির কথা।

এবার ব্যবসায়ীরা বললেন, চলতি মাসের শেষের দিকে শীতের সবজি বাজারে এলে দাম কমতে পারে।

বাজার ঘুরে দেখা গেছে সবজি বিক্রি হচ্ছে আগের মত চড়া দামে। রিয়াজউদ্দিন বাজারে বরবটি ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা ও টমেটো ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও চিচিংগা ৬০ থেকে ৭০ টাকা, পটোল ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ৬০ টাকা ও আলু ২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে এসব সবজি।

তবে বিসমিল্লাহ বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী মো. শাহিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে সবজির কোন সংকট নেই। সরবরাহ আগের চেয়ে বেড়েছে। পাইকারিতে দাম আগের চেয়ে কমেছে।”

চলতি মাসের শেষের দিকে শীতের সবজি বাজারে উঠলে সবজির দাম উল্লেখযোগ্য হারে কমে যাবে জানান তিনি।

নগরীর উচ্চবিত্তদের বাজার বলে পরিচিত কাজীর দেউড়ী বাজারে রিয়াজউদ্দিন বাজারের তুলনায় প্রতিটা সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

এদিকে নিষেধাজ্ঞা শেষে বাজারে ফিরেছে ইলিশ। তাই বাজারে দাম কমেছে অন্যান্য মাছেরও।

প্রতিকেজি ইলিশ রিয়াজউদ্দিন বাজারে বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। কাজীর দেউড়ী বাজারে দাম আরেকটু বেশি। এককেজি ওজনের ইলিশ মাছ কাজীর দেউড়ী বাজারে বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায়।

গত সপ্তাহে ১২০ টাকায় বিক্রি হওয়া লইট্টা মাছ শুক্রবার রিয়াজউদ্দিন বাজারে বিক্রি হয়েছে ৮০ টাকায়। তবে কাজীর দেউড়ীতে লইট্টা মাছ বিক্রি হচ্ছে আগের দামেই।

দাম কমেছে চিংড়ি, তেলাপিয়া ও রুই মাছেরও। সমুদ্রের টাইগার চিংড়ি প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৮০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা ও রুই মাছ ১৮০ থেকে ২০০ টাকায় পাওয়া যাচ্ছে রিয়াজউদ্দিন বাজারে।

রিয়াজউদ্দিন বাজারের মাছ বিক্রেতা নুরু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাছের সরবরাহ তুলনায় অনেক বেড়েছে; তাই দামেও প্রভাব পড়েছে কিছুটা।

দাম কমার তালিকায় যুক্ত হয়েছে ব্রয়লার মুরগিও। চট্টগ্রামে বাজারে প্রতিকেজি ১৪৫ থেকে ১৫৫ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

দেশি মুরগির দাম কমেনি; প্রতিকেজি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

হাড় ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৮০ টাকায় ও হাড়সহ ৩৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে রিয়াজউদ্দিন বাজার ও কাজীর দেউড়ী কাঁচাবাজারে।