২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন এখন জাতীয় গর্ব: প্রতিমন্ত্রী

অভ্যন্তরীণ বাজারে দেশীয় পণ্যের প্রতি ওয়ালটন মানুষের আস্থা তৈরি করেছে মন্তব্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কোম্পানিটি এখন জাতীয় গর্বে পরিণত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 01:29 AM

Updated : 12 Oct 2022, 04:18 PM

বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ফ্যাক্টরি কমপ্লেক্স পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী পলক বলেন, “দক্ষতা, যোগ্যতা ও সেবার মানের মাধ্যমে কোম্পানিটি দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভবিষ্যতে এই ব্রান্ডের মাধ্যমে বিশ্বব্যাপী দেশের নতুন পরিচয় সৃষ্টি হবে।”  

প্রতিমন্ত্রী দুপুরে কারখানায় পৌঁছালে ওয়ালটন গ্রুপের পরিচালক রেজাউল আলম শামীম ও মঞ্জুরুল ইসলাম অভি, নির্বাহী পরিচালক আবুল বাশার হাওলাদার, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরে ফ্রিজ, মোটরসাইকেল, এয়ারকন্ডিশনার, টেলিভিশন ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন তিনি।  ওয়ালটনের নব-নির্মিত ই-কমার্স ওয়েবসাইটের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, “ওয়ালটন বাংলাদেশের মানুষের সামনে সাফল্যের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা আইসিটি খাতের বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করবে।”

সরকারি নীতিমালার আওতায় ওয়ালটনকে বেসরকারি হাইটেক পার্ক ঘোষণার প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

ওয়ালটনকে হাইটেক পার্কের সব সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শ্রমনির্ভর অর্থনীতিকে প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।

“ওয়ালটনের মতো প্রতিষ্ঠানগুলোর সাফল্য সরকারের সেই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাবে।”

ওয়ালটন ব্র্যান্ড সারা বিশ্বে একটি নজির সৃষ্টি করেছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “এই ব্র্যান্ডকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে ওয়ালটনের সাফল্যের গল্প নিয়ে সারা বিশ্ব গবেষণা করে।”

ই-কমার্স সাইট প্রসঙ্গে ওয়ালটনের আইটি বিভাগের সিনিয়র অতিরিক্ত পরিচালক আরিফুল আম্বিয়া বলেন, “এই সাইটের মাধ্যমে এখন থেকে ক্রেতারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ওয়ালটনের যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন।”

অনলাইনে অর্ডার হলে পণ্য ক্রেতার বাসায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।