২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতেই কেডিএস অ্যাক্সেসরিজের দর বাড়ল ৩ গুণ

পুঁজিবাজারে লেনদেন শুরুর প্রথম দিনেই কেডিএস এক্সেসরিজের শেয়ারের দর তিন গুণের বেশি বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 06:58 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।

২০ টাকা অভিহিত মূল্যে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে আসে কেডিএস অ্যাক্সেসরিজ।

দিন শেষে কোম্পানির শেয়ারের দাম ৬৪ টাকা ৭ পয়সা বেড়ে ৮৪ টাকা ৭০ পয়সায় উঠে।

বৃহস্পতিবার কেডিএস অ্যাক্সেসরিজের শেয়ারের লেনদেন শুরুই হয় ৫৫ টাকা বেশি দর দিয়ে। দিনের লেনদেনে কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দর ছিল ৯৩ দশমিক ৫ টাকা এবং সর্বনিম্ন দর ৬৪ টাকা।

বাজার বন্ধ হওয়ার সময় কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৮৫ দশমিক ৮ টাকা।

প্রথম দিনে ২৩ হাজার ৯৩৯টি হাওলায় ৫৩ লাখ ৬৮ হাজার ১৯৬টি শেয়ার হাতবদল হয়েছে। হাতবদল হওয়া শেয়ারের মোট দাম ৪৫ কোটি ৭৭ লাখ ২ হাজার টাকা।

এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকার মূলধন সংগ্রহের লক্ষ্যে পুঁজিবাজারে এসেছে কেডিএস এক্সেসরিজ।

১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করার অনুমোদন পায় কোম্পানিটি।

গত ১০ সেপ্টেম্বর এ কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হয়।

এতে চাহিদার তুলনায় ৩৪ গুণ বেশি আবেদন জমা পড়ে আইপিওতে।