২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনসারুল্লাহ বাংলা টিমসংশ্লিষ্ট ব্যাংক হিসাব স্থগিতে নির্দেশ

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে বা এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ধরনের ব্যাংক হিসাব থাকলে তা ৩০ দিনের জন্য স্থগিত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2015, 07:19 PM

Updated : 25 Apr 2022, 01:58 PM

বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে দেশে কার্যরত ব্যাংকগুলোর নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, “আপনাদের ব্যাংকে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ নামক জঙ্গি দল বা সংগঠনের নামে বা জঙ্গি সংগঠনের অবৈধ কর্মকাণ্ডে অর্থায়নকারীদের কোনও ধরনের হিসাব পরিচালিত হয়ে থাকলে সে সকল হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ২৩(১)(গ) ধারার ক্ষমতাবলে আগামী ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হলো।”

এসব হিসাবের লেনদেন স্থগিত করে তা বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখাকে (বিএফআইইউ) জানানোর পাশাপাশি লেনদেনের তথ্যও পাঠাতে বলা হয়েছে চিঠিতে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষিদ্ধ সংগঠন বা এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়।

এর আগে ২৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।

এর আগে শাহদাত ই আল হিকমা পার্টি বাংলাদেশ, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ(জেএমবি), জামায়াতুল মুজাহেদীন, হরকাতুল জিহাদ আল ইসলামী ও হিজবুত তাহরীর বাংলাদেশকে সরকার নিষিদ্ধ ঘোষণার পরও ওইসব সংগঠনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।