‘বই ঘর’ অ্যাপ চালু করল বাংলালিংক
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভিত্তিক বাংলা ই-বুক অ্যাপ ‘বই ঘর’ চালু করলো মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।
বুধবার বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অ্যাপের সাহায্যে গ্রাহকরা যেকোনো সময়ে বিনামূল্যে তাদের মোবাইল ফোনে নতুন নতুন বাংলা বই ডাউনলোড করে পড়তে পারবেন।
এই ‘ডিজিটাল পদক্ষেপের’ মাধ্যমে বাংলা বইয়ের এক বিশাল সম্ভার মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে চলে এসেছে বলে জানায় বাংলালিংক।
দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ন মোবাইল বাংলা ই-বুক গ্রন্থাগার হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে বাংলালিংক ‘বই ঘর’ অ্যাপের সংগ্রহে থাকছে বাংলা সাহিত্যের জনপ্রিয় সব আধুনিক ও ক্লাসিক বই।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করতে গ্রাহকরা গুগল প্লে স্টোরে ‘বই ঘর’ লিখে সার্চ করতে পারেন অথবা ৭০৫০ নম্বরে ‘START BM’ লিখে এসএমএস এর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।
অ্যাপটি ডাউনলোডের জন্য দৈনিক ২.৩৭ টাকা সাবস্ক্রিপশন চার্জ প্রযোজ্য হবে।
বাংলালিংকের ভ্যাস অ্যান্ড ডেটা জেনারেল ম্যানেজার (মার্কেটিং) জিয়াউল হক সিকদার বলেন, “এই অ্যাপের মাধ্যমে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম ঐতিহ্যবাহী এবং নতুন সকল বই সম্পর্কে জানতে পারবে। বই পড়ার অভ্যাসটা অনুশীলন করতে পারবে।”
নেদারল্যান্ডসভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংকের বর্তমানে বাংলাদেশে ৩০ মিলিয়ন বা ৩ কোটিরও বেশি গ্রাহক রয়েছে।
