২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিযোগযোগ অধিদপ্তরের যাত্রা এবছরই: তারানা

বিশেষজ্ঞ দল নিয়ে চলতি বছরের মধ্যেই টেলিযোগযোগ অধিদপ্তরের কাজ শুরুর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 07:11 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

তরুণদের নিয়ে এই অধিদপ্তরে ‘সাইবার সিকিউরিটি’ বিশেষজ্ঞ দল তৈরির পরিকল্পনা রয়েছে বলেও সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

গত ফেব্রুয়ারি মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে বিভিন্ন নীতি তৈরীতে পেশাগত ও কারিগরি পরামর্শ ও সহায়তা দিতে নতুন একটি অধিদপ্তর সৃষ্টির প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

তারানা হালিম বলেন,“চলতি বছরের মধ্যেই এই অধিদপ্তর কাজ শুরু করতে পারবে বলে আশা করি। এই অধিদপ্তরে তরুণদের নিয়ে একটি ‘সাইবার সিকিউরিটি’ বিশেষজ্ঞ দল গঠন করা হবে। নিরাপদ ইন্টারনেট গড়তে এই দল সহায়তা দিয়ে যাবে।”

তরুণ এই বিশেষজ্ঞ দলকে স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োগ দেওয়া হবে, পরে তাদের স্থায়ী করার পরিকল্পেনা রয়েছে বলেও জানান তিনি।

বিটিসিএল বা রাষ্টায়ত্ত অন্যান্য টেলিকম কোম্পানি থেকে বাছাই করে দক্ষ কর্মচারী-কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “দক্ষ লোকজনকেই এই অধিদপ্তরে নিয়োগ দেওয়া হবে, যাতে এই অধিদপ্তর নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।”

কিছুদিনের মধ্যেই এই নিয়োগ শুরু হবে বলেও জানান তিনি।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র কিছু কাজ টেলিযোগাযোগ অধিদপ্তরে দেওয়া হতে পারে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “প্রচলিত আইন দেখে এটি করা হবে।”

তবে বিটিআরসি’র কোন ধরনের কাজ অধিদপ্তরে যুক্ত করা হতে পারে সে বিষয়ে কোন মন্তব্য করনেনি তারানা হালিম।

এ বছরে কাজ শুরু হতে যাওয়া টেলিযোগযোগ অধিদপ্তরের মোট ২১টি কার্যপরিধি রয়েছে।

১৯৭৯ সালের বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড অধ্যাদেশের মাধ্যমে বিটিটিবি বোর্ড গঠন করা হয়েছিল। ২০০৮ সালে ওই অধ্যাদেশে দুটি ধারা সংযোজন করে বিটিটিবিকে বিলুপ্ত করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) নামে দুটি কোম্পানি গঠন করা হয়।

এর ফলে বিটিটিবিতে কর্মরত বিসিএস টেলিকম ক্যাডার ও অন্যান্য পদে বাধ্যতামূলকভাবে প্রেষণে বিটিসিএল ও অন্যান্য প্রতিষ্ঠানে এ নিয়োগ দেওয়া হয়।

পরে বিসিএস টেলিকম ক্যাডাররা বাধ্যতামূলকভাবে প্রেষণে বিটিসিএলে নিয়োগে আপত্তি এবং অন্য ক্যাডারে যাওয়ার জন্য মামলা করে।

এ সমস্যা সমাধানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বললে তারা টেলিযোগাযোগ অধিদপ্তর সৃষ্টিসহ কয়েকটি সুপারিশ করে।

পুরনো খবর:

টেলিকম নীতি তৈরী সহায়তায় নতুন অধিদপ্তর