বিনিয়োগের ‘সেরা স্থান’ বাংলাদেশ: এফবিসিসিআই সভাপতি
বাংলাদেশ এখন বিশ্বে বিনিয়োগের ‘সেরা দেশ’ মন্তব্য করে জাতীয় স্বার্থকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
শনিবার নিউ ইয়র্কের ব্রুকলিনে এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশ ইজ দ্য নেক্সট বেস্ট ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ বলতে এখন আর কেউই ঝড়-ঝঞ্জা-খরা-দুর্নীতি-অভাব-অনটনের দেশ বলে মনে করেন না। বাংলাদেশ এখন উন্নয়নের মডেলে পরিণত হয়েছে।”
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ভাগ্যোন্নয়নে সক্রিয় হয়েছে উল্লেখ করে মাতলুব এ ধারাকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।
দেশের উন্নয়নে রাজনৈতিক সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে ব্যবসায়ী এই নেতা বলেন, “বাংলাদেশকে আর কেউই দাবিয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগোচ্ছে।
“এ উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সব ধরনের বিশৃঙ্খলা পরিহার করতে হবে। আমরা সবাই দেশের মানুষের কল্যাণ চাই। তাই মানুষ ক্ষতিগ্রস্ত হয়- এমন কোনো কর্মকাণ্ডে কারোই লিপ্ত হওয়া উচিত হবে না। জাতীয় স্বার্থকে রাজনীতির উর্ধ্বে রাখতে হবে।”
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার জাকির আহমদ, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মাহবুবুল আলম, আওয়ামী লীগ নেতা আতিকুল আলম দীপু, নিউ ইয়র্ক আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী, ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি ও বাই ন্যাশনাল চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবুল।
