২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌর বিদ্যুতে ‘বড় বিনিয়োগে’ আগ্রহী স্কাইপাওয়ার

সৌর বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে ৪৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে কানাডীয় কোম্পানি স্কাইপাওয়ার গ্লোবাল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 11:14 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

শুক্রবার নিউ ইয়র্কের ওয়াল্ডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক গোলটেবিল আলোচনায় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেরি এডলার এ ঘোষণা দেন বলে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বাসসের খবর।

বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) এর ওই আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে বাসসের প্রতিবেদনে বলা হয়, আগামী চার বছরের মধ্যে বাংলাদেশে ২০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য প্লান্ট স্থাপনে বিনিয়োগ করতে চায় স্কাইপাওয়ার।

তাদের প্রকল্পের কার্যালয় হবে টুঙ্গীপাড়ায়। এতে ৪২ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে; ১৫ লাখ বাড়িতে যাবে সৌর বিদ্যুৎ।

প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ করার জন্য ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়ে বিনিয়োগ সম্ভাবনার দিকগুলো সভায় তুলে ধরেন বলে বাসসের প্রতিবেদনে জানানো হয়।

যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পেতে বাংলাদেশকে সমর্থন করার জন্য বিসিআইইউ এর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে বিশ্বের ২৭টি বৃহৎ কোম্পানির প্রধান ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিআইইউ এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার জে টিচানস্কি, স্কাইপাওয়ার গ্লোবাল এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেরি এডলার, আমেরিকান পাওয়ার করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় আগরওয়াল, জিপায়ার ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা টমাস বেরি, মাস্টারকার্ড ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ব্রান্ডট এবং এক্সেলারেট এনার্জির প্রধান উন্নয়ন কর্মকর্তা ড্যানিয়েল বাসটোস গোলটেবিল আলোচনায় অংশ নেন।

অন্যদিকে বাংলাদেশি প্রতিনিধি দলে আরও ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম, এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান ও গওহর রিজভী, বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল মাতলুব আহমদ।