চামড়ার দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
কোরবানির ঈদে পাড়া-মহল্লা ঘুরে ঘুরে পশুর চামড়া কিনে আড়ৎদারদের কাছ থেকে ‘ঠিকমতো’ দাম না পাওয়ার অভিযোগ করেছেন কোনো কোনো মৌসুমী ব্যবসায়ী।
তবে আড়ৎদাররা পাল্টা অভিযোগ তুলে বলছেন, মৌসুমী ব্যবসায়ীদের কেউ কেউ কম দামে চামড়া কিনে পোস্তায় এনে বেশি দাম চাচ্ছে।
পোস্তায় মৌসুমী ব্যবসায়ী নাহিদ জানান, পুরান ঢাকা ও কেরানীগঞ্জসহ অনেক জায়গা ঘুরে তিনি দুই হাজার চামড়া কিনেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিন্তু যে চামড়া তিন হাজার টাকা দিয়ে কিনেছি, তার তার দাম এখানে বলছে দুই হাজার টাকা। এমনটি হলে প্রতি চামড়ায়ই লোকসান হবে।”
নাহিদের মতো অনেক মৌসুমী ব্যবসায়ীই পোস্তার রাস্তায় দাঁড়িয়ে এমন অভিযোগ করেন।
অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ হাইড অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী দেলোয়ার হোসেন জানান, নির্ধারিত দামেই মৌসুমী ব্যবসায়ী ও ফড়িয়াদের কাছ থেকে চামড়া কিনছেন তারা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, “আমাদের কাছে এমনও খবর রয়েছে যে, মৌসুমী ব্যবসায়ীরা পাড়া-মহল্লা থেকে অনেক কম দামে চামড়া কিনে পোস্তায় এনে বেশি দাম চাচ্ছে।
“যাদের চামড়ার দাম কম বলা হচ্ছে, তাদের (মৌসুমী ব্যবসায়ী) বুঝতে হবে তাদের চামড়া ‘ঠিক নেই’।”
এই আড়ৎদার জানান, ঈদের দিনে জবাই হওয়া যেসব চামড়া তারা ওই দিনই তারা পেয়েছেন, সেগুলো মান ভাল ছিল। কিন্তু আগের দিনে যেসব চামড়া শনিবার এসেছে সেগুলো ভাল ছিল না।
“শনিবার কোরবানি হওয়া যে সব পশুর চামড়া পাচ্ছি তা ভাল পাচ্ছি। যদি কেউ শনিবার কিনে লবন না দিয়ে রোববার নিয়ে আসে তাহলে কী সঠিক মূল্য পাবে?”
দুপুরে নরসিংদী ও নারায়গঞ্জ থেকে আসা তিন ট্রাক চামড়ার উদাহরণ দিয়ে দেলোয়ার বলেন,“চামড়া দেখার পর ওই সব মৌসুমী ব্যবসায়ীদের বলেছি, ‘অতি দ্রুত চামড়ায় লবন দিন। তা না হলে এ সব চামড়ার কোনো মূল্য থাকবে না।
“এই গরমে যদি ২৪ ঘণ্টায় লবন না দেওয়া হয়, তাহলে চামড়া ঠিক থাকে কীভাবে?”
তবে মামুন হোসেন নামে এক ফড়িয়া জানান, চামড়ার দাম ধরে দিলেও মৌসুমী ব্যবসায়ীদের ঠিকমতো পরিমাপ করতে না পারায় লোকসানে পড়েন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০ বছর ধরে এই কাঁচা চামড়ার লাইনে আছি। কিন্তু এখনও ঠিকমতো মাপা বুঝতে পারিনি। আর মাপ না বোঝায় মৌসুমী ব্যবসায়ীরা চামড়া কিনে লাভ করে খুব কম।”
মামুন বলেন, “আমিও তো ৩ হাজার চামড়া কিনেছি। কই আমার চামড়ার দামতো কেউ কম বলছে না। আর গরমে যার চামড়া কিছুটা নষ্ট হয়েছে তার চামড়ার দামতো কমে যাওয়া স্বাভাবিক।”
শুক্রবার ঈদের দিন কোরবানি শুরুর পর বিকাল থেকে পুরান ঢাকার চামড়ার আড়ৎ হিসেবে বিখ্যাত পোস্তায় পশুর চামড়া আসতে শুরু করে।
আড়ৎদাররা জানান, আগামী এ সপ্তাহে দেশের বিভিন্ন স্থান থেকে এসব চামড়া আড়তে আসবে। ঈদের দিনসহ পরের কয়েক দিন ফড়িয়ারা মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কিনে আড়তে রাখে। বড় ব্যাপারি বা টেনারির মালিকরা সাধারণত এক সপ্তাহ পর চামড়া কিনতে বাজারে নামে।
রাজধানী থেকে কতগুলো চামড়া সংগ্রহ করেছেন জানতে চাইলে আড়ৎদার দেলোয়ার বলেন, “আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১০ থেকে ১২ লাখ গরুর চামড়া। কিন্তু মনে হচ্ছে দশ শতাংশ চামড়া কম পাওয়া যাবে।”
গত বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে চামড়ার মূল্যতালিকা প্রকাশ করে দেশের চামড়া শিল্পের তিন সংগঠন- বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটঅয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন।
ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫০ থেকে ৫৫ টাকা আর ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়। আর ভেড়ার চামড়া ২০ থেকে ২২ টাকা ও ছাগলের চামড়ার মূল্য ধরা হয়েছে ১৫ থেকে ১৭ টাকা।
