চামড়ার পেছনে ঈদপার
কোরবানির পশুর মাংস কাটাকাটিতে যখন সবাই ব্যস্ত সেই সময়ে কারো কারো ব্যস্ততা চামড়া সংগ্রহ নিয়ে। তবে এদের বেশিরভাগই পেশাদার চামড়া ব্যবসায়ী নন; ব্যবসা বোঝেন এমনদের সংখ্যাও হাতেগোণা।
স্বল্প মেয়াদে পুঁজি খাটিয়ে বেশি লাভের আশায় মাঠে নেমেছেন তারা, যাদেরকে মৌসুমি ব্যবসায়ী ও ‘ফড়িয়া’ নামেই চেনেন মানুষজন।
শুক্রবারও নগরীর প্রায় সব এলাকায় দেখা গেছে এই ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীদের তোড়জোড়, দৌড়ঝাঁপ। দাম হাঁকাচ্ছেন, চামড়া টানছেন। তবে অনেকেই জানিয়েছেন, দাম নিয়ে বনিবনায় সমস্যা হচ্ছে এবার।
নাহিদ হোসেন বাড়ি কেরানীগঞ্জের বরিশুরে। পেশায় একজন ওষুধ দোকানদার হলেও ঈদের দিন সকাল থেকে বিভিন্ন পাড়া-মহল্লায় চামড়ার জন্য ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।
তিনি বলেন, “আমি মৌসুমি ব্যবসায়ী। জুয়েল নামে এক ফড়িয়া টাকা দিয়েছে, তাকে চামড়া কিনে দিচ্ছি। জুয়েল আমাকে কিছু টাকা লাভ দেবেন।”
নিজে সব এলাকায় ঘুরে চামড়া কিনতে পারেন না বলেই বিভিন্ন এলাকায় লোকজন ঠিক করে চামড়া কেনাচ্ছেন বলে জানালেন ফড়িয়া জুয়েল।
পুরান ঢাকার রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন মহল্লায় চামড়ার জন্য ঘুরে বেড়াচ্ছি, কিন্তু দর-দাম করতে হচ্ছে বেশি। সবাই গত বছরের মতো চামড়ার দাম চায়। এ বছর চামড়ার দাম যে গত বছরের তুলানায় অনেক কম নির্ধারণ করা হয়েছে তা কেউ বুঝতে চায় না।”
এ বছর ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫০ থেকে ৫৫ টাকা আর ঢাকার বাহিরে ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ভেড়ার চামড়া ২০ থেকে ২২ টাকা, ছাগলের চামড়ার মূল্য ধরা হয়েছে ১৫ থেকে ১৭ টাকা।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোশিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখেই চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে।
এ বছর ৬৫ লাখ গরুর চামড়া পাওয়ার আশা করছে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোশিয়েশন।
সাধারণত মৌসুমি ব্যবসায়ীদের হাত বদল হয়ে চামড়া আসে ফড়িয়াদের কাছে। তাদের কাছ থেকে চামড়া চলে যায় বড় ব্যবসায়ী অথবা ট্যানারি মালিকদের হাতে।
অবশ্য অনেক ট্যানারী মালিক নিজে লোক ঠিক করে চামড়া কিনে থাকেন।
প্রতিবছরের মতো এবারও পুরান ঢাকার পোস্তা ও হাজারীবাগের কোন পথ দিয়ে চামড়া বহনকারী ট্রাক ঢুকবে সেই রুট ঠিক করে দিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, চামড়া পাচাররোধে ঢাকায় চামড়া বহনকারী ট্রাক ঢুকবে। তবে কোন ট্রাককে বের হতে দেওয়া হবে না।
