২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া পাচার ঠেকাতে সীমান্তে ‘সতর্কতা’

যশোরের শার্শা উপজেলার শিকারপুর, কাশিপুর, বেনাপোলের পুটখালি, দৌলতপুর ও গোগা সীমান্তকে কোরবানির পশুর ‘চামড়া পাচারের রুট’ হিসাবে চিহ্নিত করে বাড়তি সতর্কতা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 02:33 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

ব্যাপকহারে এবার চামড়া পাচার হতে পারে- ব্যবসায়ীদের এমন আশঙ্কার প্রেক্ষাপটে চিহ্নিত এলাকাগুলোতে সীমান্তরক্ষীদের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র্যাব।

ঢাকার পর দেশে পশুর চামড়ার সবচেয়ে বড় মোকাম যশোরের রাজারহাট। সেখানে দুই শতাধিক আড়তে ২১ জেলার ব্যবসায়ীরা ব্যবসা করছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ মোকামের ওপর নির্ভরশীল প্রায় ১০ হাজার মানুষ।

বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুল জানান, প্রতি কোরবানির ঈদে রাজারহাটে প্রায় ২০ কোটি টাকার চামড়া কেনাবেচা হয়।

ঈদের পর সীমান্ত পথে চামড়া পাচার বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বেনাপোলের চামড়া ব্যবসায়ী মনির হোসেন, জামতলার নজরুল ইসলাম শাহাজী ও নাভারনের ইয়াকুব আলিও একই ধরনের কথা বলেন।

তারা বলেন, সরকার চামড়া কেনার জন্য ট্যানারি মালিকদের ঋণ দিলেও সেই অর্থের পুরোটা তারা ব্যয় করেন না। এছাড়া স্থানীয় চামড়া ব্যবসায়ীরা ঋণ পান না। কোরবানির সময় তাদের হাতে টাকা থাকে না। ফলে ‘সিন্ডিকেট করে’ চামড়ার দাম কমিয়ে দেওয়া হয়। তখন বেশি দামের আশায় অসাধু ব্যবসায়ীরা বেছে নেন সীমান্তের চোরাইপথ।

বাগআচড়ার চামড়া ব্যবসায়ী শেখ সহিদুল ইসলাম বলেন, “পেশাদার চামড়া ব্যবসায়ীদের পুঁজি সঙ্কটের সুযোগ নেয় চোরাকারবারীরা। পাড়ায় পাড়ায় গিয়ে তারা বাজারদরের চেয়ে বেশি দামে চামড়া সংগ্রহ করে। পরে সুযোগ বুঝে পাচারকারীদের কাছে সেই চামড়া তুলে দেয়।”

এবার সমিতি নির্ধারিত চামড়ার দাম গত বছরের চেয়ে কম হওয়ায় ভারতে চামড়া পাচার বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ  করেন ব্যবসায়ীরা।

বেনাপোলের দক্ষিণাংশের সীমান্তের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত খুলনা ২৩ বিজিবি। এই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম দৌলতপুর, পুটখালি ও গোগা সীমান্তের ইছামতি নদী দিয়ে চামড়া পাচারের শঙ্কার বিষয়টি স্বীকার করেন।

তিনি বলেন, চামড়া পাচার ঠেকাতে ঝুকিপূর্ণ এলাকায় বাড়তি সতর্কতা, বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোসহ নদীতে টহলের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

শার্শার সীমান্তাঞ্চল দিয়ে চামড়া পাচার রোধে ও ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং তল্লাসি চৌকি স্থাপনের কথা জানিয়েছেন শার্শার ওসি এনামুল হক ও বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।

তারা জানান, সীমান্তে বিজিবি ও র্যাবের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি সীমান্ত অভিমুখে চামড়া বোঝাই যানন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সীমান্তবর্তী পুলিশ ফাড়িগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শার্শা উপজেলার সীমান্তে সতর্ক অবস্থায় থাকার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ২৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন।

“সীমান্তের সব বিওপি ক্যাম্পগুলোকে সর্তক থাকতে বলা হয়েছে। ঈদের দিন বিকাল থেকে অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে।”

এদিকে মঙ্গলবার শার্শা উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা সমন্বয় কমিটির সভায় স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন চামড়া পাচার রোধে আইনশৃংখলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।