২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কোম্পানিকে জরিমানা বিএসইসির

সিকিউরিটিজ আইন ভাঙায় অ্যাপোলো ইস্পাত ও ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্রত্যেক পরিচালককে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 10:31 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

এর মধ্যে অ্যাপোলো ইস্পাতের পরিচালকদের এক লাখ টাকা করে এবং ঢাকা ডায়িংয়ের পরিচালকদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বিএসইসি এর নিয়মিত সভায় মঙ্গলবার এ জরিমানা করা হয়। সভার পর বিএসইসির মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে জানানো হয়, অ্যাপোলো ইস্পাত আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ থেকে অতিরিক্ত ৫৮ কোটি ১২ লাখ টাকা ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করেছে। এটি কোম্পানির আইপিও প্রসপেক্টাসে এ খাতে উল্লেখিত ব্যয়ের অতিরিক্ত।

এ ধরনের অনিয়মের মাধ্যমে কোম্পানিটি সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় কোম্পানির প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া ঢাকা ডায়িং ২০১৩ সালের ৩০ জুনে সমাপনী হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে পুনর্মূল্যায়নজনিত সম্পদের বিপরীতে অবচয় চার্জ না করে কোম্পানির আয়ের প্রতিবেদন প্রণয়ন করেছে।

এর মাধ্যমে কোম্পানি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ নীতিমালা লঙ্ঘিত হয়েছে। এ কারণে কোম্পানির প্রত্যেক পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করেছে কমিশন।