২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কমেছে সবজির দাম

দুই মাস চড়া থাকার পর চট্টগ্রামের কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 07:33 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

সবজির পাইকারী ব্যবসায়ীরা জানান, উত্তরবঙ্গ ও পার্বত্য জেলাগুলো থেকে সবজি আসা শুরু করায় দাম কমতে শুরু করেছে।

এছাড়া কোরবানির ঈদের সময় রান্নার  গুরুত্বপূর্ণ উপকরণ পেঁয়াজ, রসুন ও আদার দামও স্থিতিশীল রয়েছে।

শুক্রবার নগরীর সবজির বৃহত্তর পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজার ও কাজির দেউড়ি বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

রিয়াজউদ্দিন বাজারের পাইকারি কাঁচা পণ্যের আড়ৎ বিছমিল্লাহ বাণিজ্যালয়ের কর্মী শাহিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনা থেকে প্রচুর শসা, লাউ, করলা এসছে। রাঙ্গামাটি ও বান্দরবান থেকেও প্রচুর করল্লা, ঝিঙে ও কাকরোল এসেছে।

“বাজারে সরবরাহ বেড়েছে। তাই দাম কিছুটা কমেছে। আগামী কয়েক সপ্তাহে এ দাম আরো কমে যাবে।”

শাহিন বলেন, “গত সপ্তাহে পাইকারিতে শসা বিক্রি করেছি ৪০ টাকায়। আজকে (শুক্রবার) সেটা বিক্রি করছি ১৮ টাকায়। করলা গত সপ্তাহে পাইকারিতে ছিল ৫০ টাকা। এ সপ্তাহে সেটা বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।”

শুক্রবার রিয়াজউদ্দিন বাজারে খুচরায় করলা বিক্রি হচ্ছিল ৬০ টাকার মধ্যে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকায়। গত সপ্তাহে কেজিতে ৮০ টাকায় বিক্রি হওয়া বরবটি শুক্রবার ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়।

গত সপ্তাহে ঢেড়শ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও শুক্রবার তা কমে ৫০ টাকায় বিক্রি হয়। গত সপ্তাহে ৬০ টাকায় বিক্রি হওয়া পটল শুক্রবার বিক্রি হয় ৩৫ থেকে ৪৫ টাকার মধ্যে।

গত সপ্তাহের তুলনায় বেগুনের দাম কমেছে কেজিতে পাঁচ টাকা করে। ৬০ টাকার বেগুন এখন বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। তবে টমেটোর দাম রয়েছে আগের মতই। কেজিতে ৮০ টাকার টমেটো শুক্রবারও একই দামে বিক্রি হচ্ছিল।

পাইকারিতে দাম কমার প্রভাব রিয়াজউদ্দিন বাজারে পড়লেও তেমন একটা প্রভাব পড়েনি নগরীর উচ্চবিত্তদের বাজার বলে পরিচিত কাজির দেউড়ি কাঁচাবাজারে।

একই সবজি কাজির দেউড়ি বাজারে পাঁচ থেকে দশ টাকা বেশি দামে বিক্রি হতে দেখা গেছে।

দাম বেশি কেন জানতে চাইলে কাজীর দেউড়ির বাজারের খুচরা বিক্রেতারা আকমল জানান, “রিয়াজউদ্দিন বাজারের পাইকারি থেকে সবজি কেনার পর সেগুলোকে বাচাই করে ভাল সবজিগুলোই বিক্রি করি আমরা। তাই দাম একটু বেশি নিতে হয়।”

এছাড়া ঈদ সামনে রেখে পেঁয়াজ, রসুন ও আদার দাম স্বাভাবিক রয়েছে। ভারতীয় পেঁয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছিল ৫৫ টাকায়। চায়না রসুন পাওয়া যাচ্ছে প্রতিকেজি ১০০ টাকায়।

অন্যদিকে চায়না আদা কেজিপ্রতি ৮০ টাকায় পাওয়া গেলেও দেশি আদার দাম একটু বেশি। দেশি আদা বিক্রি হচ্ছিল ১০০ টাকায়।

মাছ-মাংসের বাজারও রয়েছে স্থিতিশীল। তবে কাজীর দেউড়ি বাজারে মাছের দাম রিয়াজউদ্দিন বাজারের তুলনায় বেশি। মাঝারি ইলিশ রিয়াজউদ্দিন বাজারে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হলেও একই মাছ কাজীর দেউড়িতে বিক্রি হচ্ছিল এক হাজার ২০০ টাকা কেজিতে।

রিয়াজউদ্দিন বাজারে লইট্টা মাছ ১০০ টাকায় পাওয়া গেলেও একই মাছ কাজীর দেউড়িতে ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।