২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহকের তথ্য সংরক্ষণে রবি’র ক্লাউড সেবা

‘রবি ক্লাউড’ নামে একটি অনলাইন তথ্য সংরক্ষণ সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 01:20 AM

Updated : 22 Aug 2022, 01:15 PM

হ্যান্ডসেট হারানো, চুরি বা নষ্ট হওয়ার কারণে তথ্য হারিয়ে যাওয়া ঠেকাতে এ ব্যবস্থা বলে জানিয়েছে আপারেটরটি।

এ সেবার মাধ্যমে রবি গ্রাহকরা ছবি, গান, ভিডিও ও গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ করতে পারবেন বলে বৃহস্পতিবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দেশে রবিই প্রথম সার্বিক তথ্য সংরক্ষণের এমন ব্যবস্থা চালু করেছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এর ফলে মোবাইল ফোনের তথ্য সংরক্ষণের জন্য প্রতিদিনের ভোগান্তি থেকে রক্ষা পেলেন গ্রাহকরা।”

রবি’র ক্লাউড সেবার মাধ্যমে গ্রাহকরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত ছবি, ভিডিও, গান, ফাইল, প্রেজেন্টেশন ইত্যাদি সংরক্ষণ করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, “রবি ক্লাউড একটি ব্যক্তিগত ফাইল আর্কাইভ, যা নিরাপদ ক্লাউড সেবা প্রদান করবে।”

প্রমোশনটি চলাকালীন  সময় আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্লাটিনাম এইস ও প্লাটিনাম গ্রাহকরা রবি ক্লাউড সেবার মাধ্যমে ১৫ গিগাবাইট ফ্রি স্পেস ব্যবহার করতে পারবেন।

ডায়মন্ড গ্রাহকরা ১২ গিগাবাইট এবং নতুন গ্রাহকসহ ধন্যবাদ কর্মসূচির আওতায় থাকা বাকি গ্রাহকরা ১০ গিগাবাইট ফ্রি স্পেস ব্যবহার করতে পারবেন।

গ্রাহকরা CAT লিখে ১২১৩ নম্বরে এসএমএস পাঠিয়ে ধন্যবাদ কর্মসূচির আওতায় তার অবস্থান জানতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গ্রাহকরা রবি ক্লাউড থেকে সরাসরি লিঙ্কের মাধ্যমে যে কোনো ফাইল অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন। যে কোনো সময় যে কোনো স্থান থেকে সেই আপলোডেড ফাইলগুলো ব্যবহার করতে পারবেন তারা।”

সব ধরনের ডিভাইস (স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি) থেকে ক্লাউডে রাখা ফাইলগুলোতে প্রবেশ করা যাবে বলেও জানিয়েছে অপারেটরটি।

রবি ক্লাউড সার্ভিসটি এখন www.cloud.robi.com.bd  সাইটে পাওয়া যাবে। ‘রবি ক্লাউড’ অ্যাপটিও গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এবং যে কোনো অ্যানড্রয়েড ফোনে তা ব্যবহার করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।