২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টে ঈদের আগেই সেপ্টেম্বরের ১৫ দিনের বেতন

পোশাক কারখানার শ্রমিকদের চলতি সেপ্টেম্বর মাসের ১৫ দিনের বেতন ঈদের আগেই পরিশোধ করতে কারখানা মালিকদের অনুরোধ করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 02:12 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

এছাড়া শ্রমিকদের ঈদ বোনাস (উৎসব ভাতা) আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদের আগে শ্রমিকদের বেতনভাতাসহ বিভিন্ন সমস্যা নিরসনে মঙ্গলবার সচিবালয়ে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির’ সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হবে  আগামী ২৫ সেপ্টেম্বর।  তার আগে ২১ সেপ্টেম্বর থেকে  পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দিতে আগেই একটি নির্দেশনা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে।  

শ্রম প্রতিমন্ত্রী বলেন, “আমরা কারখানা মালিকদের অনুরোধ করেছি শ্রমিকদের সেপ্টেম্বর মাসের ১৫ দিনের বেতন যেন ঈদের ছুটির সময় দিয়ে দেয়। মালিকরা কথা দিয়েছেন, ১৫ দিনের বেতন দেবেন। আশা করি, সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

যেসব কারখানার আর্থিক পরিস্থিতি তেমন ভাল নয়, সেখানে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সেপ্টেম্বর মাসের ১০ বা ১৫ শতাংশ বেতন দিতে মালিকদের অনুরোধ করা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। 

শ্রম বিধিমালার ভেটিং মঙ্গলবার শেষ হয়েছে জানিয়ে চুন্নু বলেন, বিধিমালাটি ইতোমধ্যে বিজিপ্রেসে পাঠানো হয়েছে, বুধবারই গেজেট প্রকাশ করা হবে।

“বিধিমালায় শ্রমিকদের উৎসবভাতাকে বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ঈদের আগেই শ্রমিকদের উৎসব ভাতা আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। এক মাসের মূল বেতন শ্রমিকদের ভাতা হিসাবে দেওয়ার কথা বলেছি।”

শ্রম সচিব মিকাইল শিপার, বিভিন্ন কারখানার মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।