২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোন নম্বর সংরক্ষণে গ্রামীণফোনের নতুন সেবা

গ্রাহকের ফোন নম্বর সংরক্ষণে ‘মাই কন্ট্যাক্টস’ নামে নতুন সেবা চালু করেছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 12:22 AM

Updated : 22 Aug 2022, 01:14 PM

এ সেবার মাধ্যমে গ্রাহকরা তাদের হ্যান্ডসেটের সব কন্ট্যাক্ট নম্বরের ব্যাকআপ রাখতে এবং প্রয়োজনে অন্য হ্যান্ডসেটে তা ফিরিয়ে আনতে পারবেন।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই সেবার বিভিন্ন দিক তুলে ধরেন গ্রামীণফোনের ডিজিটাল অ্যান্ড ডিভাইস সার্ভিস শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুনতাসির হোসেন।

তিনি বলেন, “মাই কন্ট্যাক্টস একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস, যার মাধ্যমে স্মার্টফোনে কন্ট্যাক্ট ব্যাকআপ রাখা যাবে ও নতুন ফোনে শেয়ার করা যাবে।”

গ্রামীণফোনের গ্রাহকরা ‘মাই কন্ট্যাক্টস’ অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে বিনামূল্য ডাউনলোড করে নিতে পারবেন বলে জানান তিনি।

নতুন এই সেবা ইতোমধ্যেই চালু হয়েছে বলেও জানান মুনতাসির।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রাহকরা ফোন পরিবর্তন করলে অথবা হ্যান্ডসেট হারিয়ে ফেললে, মাই কন্ট্যাক্টসের মাধ্যমে সহজেই তাদের নতুন ফোনে ব্যাকআপ করা কন্ট্যাক্টগুলো নিয়ে নিতে পারবেন।

“মাই কন্ট্যাক্টস” অ্যাপের ওয়েব ইন্টারফেসও রয়েছে। ফলে গ্রাহকরা কম্পিউটারের মাধ্যমেও তাদের ‘মাই কন্ট্যাক্টস’ সেবা নিতে পারবেন বলেও সংবাদ সম্মেলনে জানান হয়।